জন্মের আগেই জমির মালিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৫০ বছর আগের কথা। পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নের পাছপুংগলী গ্রাম ছেড়ে যায় হিন্দু ধর্মাবলম্বী তিনটি পরিবার। রেখে যায় প্রায় ৮৬ বিঘা জমি। ধীরে ধীরে সেগুলো চলে যায় স্থানীয়দের দখলে। 
সম্প্রতি গ্রামের একটি পরিবার ওই জমির মালিকানা দাবি করে। বিরোধ দেখা দেয় ভোগ দখলকারী আর মালিকানা দাবিদার পক্ষের মধ্যে। মালিকানা প্রতিষ্ঠার জন্য নতুন দাবিদারদের মধ্যে একজন খাজনা দিতে গেলে দেখা দেয় গরমিল। ওই জমি রেজিস্ট্রি করে নেওয়ার দুই বছর পর মালিকানা দাবিকারীর জন্ম হয়েছে বলে জানা যায়।
এলাকাবাসী ও পুংগলী ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, গ্রামটি একসময় হিন্দু অধ্যুষিত ছিল। ১৯৬৭ সালে গ্রামের দক্ষিণা রঞ্জন দফাদার, জীবন কৃষ্ণ দফাদার ও গজেন দফাদার নামে তিন ব্যক্তি প্রায় ৮৬ বিঘা জমি ফেলে দেশ ছেড়ে যান। তাঁরা আর দেশে ফেরেননি। পরিত্যক্ত এ জমিতে আশপাশের বাসিন্দারা চাষাবাদ শুরু করেন। এভাবেই চলতে থাকে বছরের পর বছর।
সম্প্রতি হঠাৎ করেই গ্রামের আমিনা মোস্তফা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোক্তার হোসেন ওই জমির মালিকানা দাবি করেন। তিনি ও তাঁর বাকি চার ভাইবোন আবুল হোসেন, বাবর আলী, শহীদ আলী ও হালিমা খাতুন এই জমির মালিক বলে জানান। একপর্যায়ে তিনি মালিকানা পোক্ত করতে খাজনা দিতে ভূমি কার্যালয়ে গেলে জন্ম তারিখের বিষয়টি বেরিয়ে আসে।
মোক্তার হোসেনের দাখিল করা দলিলে দেখা যায়, রাজশাহীর নওগাঁ ভূমি কার্যালয় থেকে ১৯৬৭ সালের ৩ এপ্রিল ও ১৯৬৮ সালের ৫ এপ্রিল দুটি দলিলের মাধ্যমে মূল মালিকদের কাছ থেকে মোক্তার হোসেনের পরিবারের সদস্যরা জমিগুলো কিনেছেন।
কিন্তু আমিনা মোস্তফা বালিকা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী চাঁদ আলী বলেন, মোক্তার হোসেনের চাকরির নথিতে তাঁর জন্ম তারিখ রয়েছে ১৯৬৯ সালের ১ জানুয়ারি।
এ প্রসঙ্গে মুঠোফোনে মোক্তার হোসেন বলেন, ‘আমি অনেক বড় হয়ে পড়াশোনা শুরু করি। লেখাপড়ার সনদে জন্ম সাল কমিয়ে দেওয়ায় এই হেরফের হয়েছে। মূলত জমিগুলো আমার বড় ভাই আবুল হোসেন কিনে বাদবাকি ভাইবোনের নামে দেন। আমরা বিষয়টি জানতাম না। ইদানীং হঠাৎ করেই আমরা ওই কাগজপত্র খুঁজে পাই।’
স্থানীয়দের দাবি, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নওগাঁ ভূমি কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। ফলে ওই কার্যালয়ের কোনো দলিলপত্র আর নেই। এই সুযোগটিই কাজে লাগিয়েই মোক্তার হোসেন ভুয়া দলিল বানিয়ে ওই জমি দখলের চেষ্টা করছেন। কিন্তু অসাবধানতাবশত জন্ম তারিখে গোলমাল থেকে যায়।
ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহসিলদার প্রদীপ কুমার বলেন, ‘আমাদের নথি অনুযায়ী সিএস ও এসএ রেকর্ডে ওই জমির মালিকানায় হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের নাম রয়েছে। ১৯৮২ সালের সর্বশেষ আরএস রেকর্ডও তাঁদের নামেই হয়েছে। যদি ১৯৬৭ সালে প্রকৃতপক্ষে কেউ জমিগুলো কিনত তাহলে অবশ্যই আরএস রেকর্ডে তাঁদের নাম নথিভুক্ত হতো।’