জন্মের এক মাসের মধ্যে শ্বাসকষ্টে দেশের ২৪ হাজার শিশু মারা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতিবছর এক লাখ ২০ হাজার শিশু জন্মের এক মাসের মধ্যে মারা যায়। এর মধ্যে পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ২৪ হাজার শিশুই মারা যায় জন্মকালীন শ্বাসকষ্টে। এসব শিশুর মৃত্যু ঠেকানো না গেলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে দেশ পিছিয়ে পড়বে। গতকাল রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত এক পরামর্শ সভায় বিশেষজ্ঞরা এ কথা বলেন। ‘হেলপিং বেবিস ব্রেদ’ শীর্ষক বিএসএমএমইউর একটি পাইলট গবেষণা প্রকল্প এবং জাতীয় পর্যায়ে এটি বাস্তবায়নে কর্মকৌশল প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করে বিএসএমএমইউ।আয়োজকেরা জানান, ‘হেলপিং বেবিস ব্রেদ’ শীর্ষক প্রকল্পটি এমসিএইচআরপির মাধ্যমে ইউএসএইডের অর্থায়নে পরিচালিত হয়েছে। প্রকল্পের কারিগরি ও ব্যবস্থাপনা সহায়তা দিয়েছে সেভ দ্য চিলড্রেন।প্রকল্পের আওতায় বিএসএমএমইউ, আজিমপুর মেটার্নিটি, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের বাঁশবাড়ী ক্লিনিকের চিকিৎসক ও নার্স এবং হবিগঞ্জ জেলার কমিউনিটি প্রসব সেবাদানকারীসহ ২১২ জন প্রশিক্ষণে অংশ নেন। পরে দেখা যায়, এসব প্রসব সেবাদানকারী উন্নতমানের প্রসব সহায়তা ও নবজাতককে সেবা দিতে পারছেন। তাঁরা জন্মকালীন শ্বাসকষ্ট দূর করে কয়েকটি নবজাতককে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। সভায় গবেষণার ফলাফল তুলে ধরেন বিএসএমএমইউর সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ। গবেষণায় বলা হয়, জন্মের প্রথম মিনিটের মধ্যে নবজাতকের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিশ্চিত করতে একটি ধারাবাহিক কর্মপদ্ধতি অনুসরণ করতে হবে। জন্মের প্রথম মিনিটে নবজাতকের মৃত্যুঝুঁকি বেশি হওয়ায় এ সময়কে ‘গোল্ডেন মিনিট’ নামে অভিহিত করা হয়েছে।প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, শিশুমৃত্যুর হার কমাতে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের প্রকল্প চালু করতে সরকার আগ্রহী। দাতা সংস্থার পাশাপাশি সরকারও এ ধরনের প্রকল্পে অর্থায়ন করবে। তবে শুধু প্রকল্পের মাধ্যমে শিশুমৃত্যু ঠেকানো যাবে না। এর জন্য সারা দেশে প্রকল্পটি ছড়িয়ে দিতে হবে। বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যসচিব হুমায়ুন কবীর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, ইউএসএআইডির মিশন চিফ ডেনিস রলিন্স, ইউনিসেফের এ দেশীয় প্রতিনিধি ক্যারল ডি রয় প্রমুখ বক্তব্য দেন।