হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতককে এর টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে গতকাল রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ‘হেপাটাইটিস ও আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তাঁরা এ পরামর্শ দেন। জাতীয় লিভার ফাউন্ডেশন এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। ফাউন্ডেশনের পক্ষ থেকে হেপাটাইটিস সংক্রমণ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা তৈরি ও এ-সম্পর্কিত একটি সমন্বিত কার্যক্রমের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
বৈঠকে লিভার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, আমাদের দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুর ছয় সপ্তাহ বয়সে হেপাটাইটিস বি-এর টিকা দেওয়া হয়। চিকিৎসকেরা বলেন, এ টিকা দেওয়া উচিত শিশুর জন্মের ১২ ঘণ্টার মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২৪ ঘণ্টা। কিন্তু জন্মের ৬ সপ্তাহে এটি কোনোভাবেই কার্যকর হবে না। বিষয়টি বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক টি এ চৌধুরী এ বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন। এ বিষয়ে তাইওয়ানের উদাহরণ টেনে ঢাকা মেডিকেল কলেজের গ্যাস্ট্রো-এন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ফারুক আহমেদ বলেন, তাইওয়ানে একসময়ে হেপাটাইটিস ভাইরাসে সংক্রমণের হার ২০ শতাংশের বেশি ছিল। কিন্তু জন্মের পরপরই টিকা দেওয়া বাধ্যতামূলক করায় এটি কয়েক বছরেই ১ থেকে ২ শতাংশে নেমে এসেছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ মনে করেন, হেপাটাইটিস বি সম্পর্কে বাংলাদেশের মানুষের সচেতনতার অভাব রয়েছে। এটি প্রতিরোধে যা একটি প্রধান অন্তরায়। তিনি বলেন, ডায়াবেটিক প্রতিরোধে সরকারের পক্ষ থেকে একটি কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। হেপাটাইটিসকেও এর সঙ্গে যুক্ত করা হোক।
বৈঠকে বলা হয়, হেপাটাইটিস বি-এর সংক্রমণে সাধারণ জন্ডিস থেকে শুরু করে রোগী লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হতে পারে। ভাইরাসজনিত যকৃতের এ রোগ দুটির কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ১৪ লাখ মানুষ প্রাণষ হারায়। পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রথম ১০টি কারণের অন্যতম হচ্ছে এটি। বাংলাদেশে ঠিক কত সংখ্যক মানুষ এ দুটি ভাইরাসে আক্রান্ত হন তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে ধারণা করা হয়, দেশের মোট জনসংখ্যার ৪ থেকে ৭ শতাংশ মানুষ হেপাটাইসিস বি ও ১ থেকে ৩ শতাংশ মানুষ হেপাটাইসিস সি ভাইরাসে আক্রান্ত।
বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন-উর-রশিদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক স্বপন চন্দ্র ধর প্রমুখ।