জন্মের পর থেকে নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশবে ও বয়ঃসন্ধিতে নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না গেলে মাতৃমৃত্যুর ঝুঁকি এড়ানো সম্ভব হবে না। সে জন্য কন্যাশিশুর প্রতি আচরণ পরিবর্তন হওয়া দরকার, তার খাদ্য-পুষ্টির পর্যাপ্ত সরবরাহ থাকা জরুরি। গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। আন্তর্জাতিক নারী স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ওই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, নারীর সামগ্রিক জীবনচক্র মাতৃত্বকে কেন্দ্র করে চলে। এর সঙ্গে অপরাপর বিষয় যুক্ত। নারীর নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে নারীর ক্ষমতায়ন প্রয়োজন। স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ লায়লা আরজুমান্দ বানু বলেন, মাতৃমৃত্যুর হার ও পরিবার পরিকল্পনায় বাংলাদেশ সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে অনেক দূর এগিয়েছে। কিন্তু কিশোরীদের মধ্যে এখনো গর্ভধারণের হার আশঙ্কাজনক। এই সংকট মোকাবিলায় নারীকে তার প্রজননস্বাস্থ্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে। বিশেষ অতিথি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) উপনির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া বলেন, নারীর প্রতি সামাজিক অবহেলা, বৈষম্য, নির্যাতন টিকিয়ে রেখে নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হবে না। এ জন্য সামাজিক সচেতনতা প্রয়োজন।মূল প্রবন্ধে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের ডিপার্টমেন্ট অব এপিডেমিওলোজির সহযোগী অধ্যাপক মিরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে নারীরা এখনো বঞ্চনার শিকার। আলোচনা শেষে বাংলাদেশ মহিলা পরিষদ নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ২০ দফা সুপারিশ উত্থাপন করে।বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রী ও প্রসূতিরোগ বিভাগের শিক্ষক আশরাফুন্নেসা পিয়া, ঢাকা মেডিকেল কলেজের স্ত্রী ও প্রসূতিরোগ বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক লায়লা আনজুমান বানু।