জন্মের পর থেকেই দুধ দিচ্ছে ছাগি

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামে মিরাজ মোল্লার একটি ছাগলের বাচ্চা জন্মের পর থেকেই দুধ দিচ্ছে। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর অসংখ্য লোক ওই বাড়িতে ভিড় করছে।
অনেকে রোগ নিরাময়ের জন্য দুধ সংগ্রহ করছেন। মিরাজ মোল্লার স্ত্রী চন্দনা বেগম জানান, ১ জুলাই তাঁদের দুই বছর বয়সী ছাগলটি দুটি বাচ্চা প্রসব করে। কালো রঙের বাচ্চা দুটির একটি ছাগ, অন্যটি ছাগি। জন্মের পরই ছাগিটির বড় বান (স্তন) দেখা যায়। চাপ দিতেই দুধ বেরিয়ে আসে। দুদিন বয়সেই ১০০ থেকে ১৫০ গ্রাম দুধ হয়েছে। এখনো একই পরিমাণ দুধ হচ্ছে। তিনি বলেন, ‘এলাকার লোকজন জানার পর বাচ্চাটি দেখতে প্রচুর লোক ভিড় করছে। অনেকে রোগ নিরাময়ের জন্য এ দুধ নিয়ে যাচ্ছে। তবে আমরা এ দুধ খাচ্ছি না।’
লোহাগড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, বাচ্চাটি সুস্থ আছে। সে তার মায়ের দুধ খাচ্ছে। তিনি আরও বলেন, এটি অলৌকিক কিছু নয়। হরমোনের অস্বাভাবিকতার জন্য এই দুধ হচ্ছে।
খুলনা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ রওশন আরা বেগম বলেন, অতিরিক্ত হরমনের ফলে নারীদেরও এ রকম হতে পারে। আর এই ছাগলের দুধ খেলে রোগ নিরাময় হওয়ার কোনো কারণ নেই।