জন্মের পরই চুরি হয়ে গেল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটি ভূমিষ্ঠ হয়েছে। মা তখনও সন্তান প্রসবের ধকল কাটিয়ে উঠতে পারেননি। সাড়ে সাতটার দিকে চুরি হয়ে যায় শিশুটি।হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন শিল্পী বেগম (২৬)। তাঁর স্বামী আনোয়ার হোসেন পিকআপ ভ্যান চালান। রাজধানীর গেন্ডারিয়ার মীরহাজিরবাগ এলাকায় থাকেন তাঁরা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিল্পী একটি ছেলেশিশুর জন্ম দেন। এক আয়া শিশুটিকে তোয়ালে পেঁচিয়ে বাইরে অপেক্ষমাণ শিল্পীর মা সেলিনা বেগমের কোলে তুলে দেন।শিশুটির নানি সেলিনা বেগম বলেন, সদ্য ভূমিষ্ঠ নাতিকে নিয়ে তিনি গাইনি ওয়ার্ডের বারান্দায় দাঁড়িয়ে শিল্পীকে ওয়ার্ডে নেওয়ার অপেক্ষা করছিলেন। এরই মধ্যে একজন মধ্যবয়স্ক মহিলা এসে তাঁকে বলেন, ‘আপনার মেয়ের অবস্থা খারাপ।’ সাহায্যের ভঙ্গিতে শিশুটিকে তাঁর কাছে দিয়ে মহিলা তাঁকে মেয়ের কাছে যেতে বলেন। সেলিনা শিশুটিকে ওই নারীর কাছে রেখে মেয়ের কাছে গিয়ে দেখেন, শিল্পীর অবস্থা ভালো। তাৎক্ষনিক বারান্দায় ফিরে দেখেন, ওই নারী উধাও। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়িকে জানান। পুলিশ খুঁজে শিশুটিকে উদ্ধার করতে পারেনি।গতকাল রাতে ২১২ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, অচেতন অবস্থায় পড়ে আছেন শিল্পী। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে তাঁর। জ্ঞান ফিরেই তিনি বোনকে দেখে বলেন, ‘আমার বাবুরে আনছোনি। কত্ত সুন্দর ডাগর ডুগর হইছে।’ এই কথা বলতে বলতেই আবারও অজ্ঞান হয়ে যান তিনি।