জন্মের প্রথম ছয় দিনে ঝুঁকি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এক হাজার নবজাতকের মধ্যে ১৯ জন মারা যায় জন্মের প্রথম ছয় দিনের মধ্যে। ৭ থেকে ২৮ দিনের মধ্যে মারা যায় আরও ছয় নবজাতক।
গতকাল শনিবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত প্রভাবশালী জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এর অনলাইন সংস্করণে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ১৯৯০ থেকে ২০১৩ সালের মধ্যে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর ধারা নিয়ে প্রকাশ করা প্রবন্ধে এই তথ্য দেওয়া হয়েছে।
প্রবন্ধে বলা হয়েছে, বাংলাদেশ পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ধারাবাহিকভাবে কমাতে সক্ষম হয়েছে। ১৯৯০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ে শিশুমৃত্যু ৪ দশমিক ৭ শতাংশ থেকে ৫ দশমিক ৫ শতাংশ হারে কমেছে। প্রতিবেশী ভারতের চেয়ে শিশুমৃত্যুর হার বাংলাদেশে দ্রুত কমেছে। ভারতে এই সময় কমেছে ৩ থেকে ৪ দশমিক ৩ শতাংশ হারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ শিশুমৃত্যুর হার কমাতে সফল হলেও নবজাতক (০-২৮ দিন বয়সী) মৃত্যুহার কমানোর ক্ষেত্রে সফলতা তুলনামূলকভাবে কম।
নবজাতকের স্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন সেভ দ্য চিলড্রেনের মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রকল্পের প্রধান ইশতিয়াক মান্নান। তিনি প্রথম আলোকে বলেন, কম ওজন নিয়ে জন্ম (লো বার্থ ওয়েট), জন্মকালীন শ্বাসকষ্ট (বার্থ অ্যাসফেক্সিয়া) ও সংক্রমণ— এই তিনটি কারণে বাংলাদেশে নবজাতকের মৃত্যু বেশি হয়। নবজাতকের মৃত্যু কমাতে হলে এই তিনটি বিষয়ে জোর দিতে হবে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) গবেষক আলিয়া নাহিদ বলেন, গর্ভধারণকালে অনেক মা সেবা পান না। মা সুস্থ না থাকলে তাঁর অপরিণত শিশু জন্ম দেওয়ার আশঙ্কা বেশি থাকে। এখনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের চেয়ে অনেক বেশি প্রসব হয় বাড়িতে, অদক্ষ ধাইয়ের হাতে। হঠাৎ অসুস্থ হলে অনেক নবজাতক চিকিৎসা পায় না। এগুলোও নবজাতক মৃত্যুর কারণ।
ল্যানসেট-এ প্রকাশিত প্রবন্ধের গবেষকেরা ১৯৭০-২০১৩ সালের মধ্যে প্রকাশিত ১৮৮টি দেশের ২৯ হাজার জরিপ, আদমশুমারি, জন্ম-মৃত্যু নিবন্ধনের হিসাব পর্যালোচনা করে এই প্রবন্ধ তৈরি করেছেন। এতে বলা হয়েছে, গত চার দশকে আর্থিক সহায়তা ও রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে বিশ্বব্যাপী শিশুমৃত্যুর হার কমেছে।
গবেষকদের আনুমানিক হিসাবে, ২০১৩ সালে বিশ্বে পাঁচ বছরের কম বয়সী ৬৩ লাখ শিশুর মৃত্যু হয়। এর ৮০ শতাংশের মৃত্যু হয় বাংলাদেশসহ ২৬টি দেশে। তবে শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে যে ২৭টি উন্নয়নশীল দেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন করবে, বাংলাদেশ তার একটি।
ল্যানসেট-এর হিসাবে বলা হয়েছে, জন্ম নেওয়া এক হাজার শিশুর মধ্যে ৪১ জন মারা যায় বয়স পাঁচ বছর হওয়ার আগে। এর মধ্যে ১৯ জন মারা যায় জন্মের ছয় দিনের মধ্যে। বয়স ২৮ দিন হওয়ার আগে মারা যায় আরও ছয়জন। বয়স ২৯ থেকে ৩৬৪ দিনের মধ্যে মারা যায় নয়জন। সাতজন মারা যায় বয়স পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে।
সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি কর্মকর্তারা বলেছেন, কোন বয়সী কত নবজাতক বা শিশু মারা যায়, তার হিসাব আগে ছিল না। এখন একটি স্পষ্ট চিত্র ল্যানসেট তুলে ধরেছে। শিশুস্বাস্থ্য নিয়ে কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই তথ্য বিশেষ সহায়তা করবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মা ও শিশুস্বাস্থ্য) মোহাম্মদ শরিফ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘এ কথা সত্যি যে আমরা নবজাতক মৃত্যু কমানোর ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছি।’ তিনি জানান, ২০১১ সালে ৫৫০ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসবসেবা দেওয়া হতো। বর্তমানে সেবা দেওয়া হচ্ছে আড়াই হাজার কেন্দ্রে। এ ছাড়া জন্মকালীন শ্বাসকষ্টের সমস্যা দূর করার জন্য ‘হেল্পিং বেবিজ ব্রিথ’ নামে একটি প্রকল্পের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের ও প্রতিষ্ঠানের প্রায় ৬৫ হাজার স্বাস্থ্যকর্মীতে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। এসব উদ্যোগের ফলে নবজাতকের মৃত্যু কমবে।