জন্মের ৩৭ দিন পর ঠিকানা পেল 'একুশ'

বিচারকের আহ্বানে এজলাসের সামনে একে একে জড়ো হলেন নয় নারী। দাঁড়ানোর শক্তিটুকুও তখন যেন হারিয়ে ফেলেছেন তাঁরা। দুনিয়ার যত উৎকণ্ঠা সব যেন ভর করেছে সবার চোখে-মুখে। তাঁরা আদালতে এসেছেন ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া শিশু ‘একুশ’-এর মা হওয়ার তীব্র বাসনা নিয়ে। তাঁদের একজনও খালি হাতে ফিরে যেতে চান না।
তখন বেলা প্রায় সোয়া তিনটা। লিখিত আদেশ পড়তে শুরু করেন বিচারক। সাত মিনিটে আদেশটি পড়ে শেষ করেন তিনি। কিন্তু এর আগেই কাঁদতে শুরু করেন মা হতে আসা নারীরা। তাঁদের মধ্যে একমাত্র শাকিলা আক্তারের চোখেই ছিল আনন্দাশ্রু।
শিশু ‘একুশ’কে নিজের জিম্মায় পেয়েছেন শাকিলা আক্তার। একটি সন্তানের জন্য ১৯ বছর ধরে অপেক্ষা করছিলেন তিনি। তাঁর স্বামী মো. জাকের ইসলাম পেশায় চিকিৎসক। আদালতের আদেশে গতকাল বুধবার তাঁদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। শিশু একুশও জন্মের ৩৭ দিন পর পেল মা-বাবাকে।
নবজাতক একুশকে শাকিলা দম্পতির জিম্মায় দেওয়ার আদেশ দেন প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস। আদেশে আদালত শিশুটিকে পেতে কয়েকটি শর্তও দেন। আদালতে তিনি বলেন, ‘আমি কোনো মহামানব নই। সন্তান আবেদনকারীদের আকুতি মানুষ হিসেবে আমাকে ব্যথিত করেছে। আমি খুব অসহায় বোধ করছি সাধ্যের সীমাবদ্ধতার জন্য। আমার হেফাজতে যদি একাধিক শিশু থাকত, তাহলে নিঃসন্তান দম্পতির প্রত্যেককে একটি করে শিশু জিম্মায় দিতাম। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হত্যা মামলার চেয়েও বেশি খাটতে হয়েছে।’
পরে আদালত তাঁর আদেশে বলেন, আবেদনকারীদের মধ্যে সবাই সচ্ছল। ১২ জন আবেদনকারীর মধ্যে ১১ জনই নিঃসন্তান। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের কাগজপত্র, প্রত্যেক আবেদনকারী ও তাঁর স্বামীর পেশা, বিয়ের সময়কালকে মানদণ্ড ধরে শিশুটির সার্বিক মঙ্গলের উদ্দেশ্যকে গুরুত্ব দোওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ ফয়েজ সাংবাদিকদের বলেন, যাঁরা শিশুটিকে পেয়েছেন, আদালত তাঁদের আগামী ৫ এপ্রিলের মধ্যে শিশুটির নামে ১০ লাখ টাকার শিক্ষাবিমা করার নির্দেশ দিয়েছেন। শিক্ষাবিমার কাগজ আদালতে দাখিলের পর তাঁরা প্রকাশ্য আদালত থেকে শিশুটিকে জিম্মায় নিতে পারবেন। আদালত এ-ও বলেছেন, শিশুটির প্রকৃত মা-বাবার সন্ধান পাওয়া গেলে এবং তাঁরা নিতে চাইলে প্রমাণ সাপেক্ষে (ডিএনএ পরীক্ষা-নিরীক্ষা) শিশুটিকে ফেরত দিতে হবে।
এম এ ফয়েজ বলেন, শিশুটির স্বার্থের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। করলে জিম্মানামা বাতিল করা হবে বলেও আদালত তাঁর আদেশে বলেছেন।
আদেশ শেষে গতকাল বিকেলে আদালতকক্ষের ভেতরে অঝোরে কাঁদছিলেন আবেদনকারী এক নারী। তিনি বলেন, অনেক স্বপ্ন আর আশা নিয়ে আবেদন করেছিলেন।
শিশুটিকে সন্তান হিসেবে লালন-পালন করতে ১৬ নারী আবেদন করেছিলেন। এর মধ্যে ১২ জনের আবেদনের ওপর গত মঙ্গলবার শুনানি হয়।
গত ২০ ফেব্রুয়ারি রাত ১০টায় চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকার একটি ডাস্টবিনে পাওয়া যায় শিশুটিকে। উদ্ধারের পর থেকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে তাকে। একুশের প্রথম প্রহরের কিছুক্ষণ আগে শিশুটিকে উদ্ধার করার কারণে তার নাম রাখা হয় ‘একুশ’।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান জগদীশ চন্দ্র দাশ গতকাল বিকেলে বলেন, আদালতের আদেশ পৌঁছানোর পর হাসপাতাল থেকে শিশুটিকে ছাড়পত্র দেওয়া হবে।
শাকিলা দম্পতির আইনজীবী জাহিদ মো. আল ফয়সাল চৌধুরী বলেন, আদালত সব বিবেচনা করে উপযুক্ত আবেদনকারীর হাতে শিশুটির ভার দিয়েছেন।
আদালতের আদেশের পরও কাঁন্না থামছিল না শাকিলা আক্তারের। তাঁর স্বামীর মুখেও তখন বিশ্বজয়ের আনন্দ। শাকিলা আক্তার গৃহিণী। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় এই দম্পতি থাকেন। কিছুটা সুস্থির হওয়ার পর শাকিলা আক্তার সাংবাদিকদের বলেন, ‘এত দিন একটি সন্তানের অপেক্ষায় ছিলাম। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞতা। তিনি আমার ভাগ্যে আদালতের মাধ্যমেই সন্তান প্রাপ্তি লিখে রেখেছিলেন। এ আনন্দ বলে বুঝাতে পারব না।’
শাকিলার স্বামী জাকের ইসলাম বলেন, শিশুটিকে সুসন্তান হিসেবে গড়ে তুলবেন তাঁরা।