জবাইখানার বাইরে পশু জবাই নিষিদ্ধ হচ্ছে
প্রস্তাবিত নতুন আইনে বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রির জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা জবাইখানার বাইরে পশু জবাই করতে পারবে না। এ ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিধিবদ্ধ সংস্থা লাইসেন্স ছাড়া বাণিজ্যিক বা অন্য কোনো উদ্দেশ্যে জবাইখানা বা মাংস বিক্রয় স্থাপনা এবং মাংস প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন বা পরিচালনা করতে পারবে না।নতুন আইনটির খসড়া মন্ত্রিপরিষদ সভায় নীতিগত অনুমোদন পেয়েছে। বর্তমানে তা জাতীয় সংসদে পাসের অপেক্ষায় আছে। ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০০৯’ শিরোনামের এ আইনের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে পশু জবাই নিয়ন্ত্রণ ও মানসম্মত মাংস প্রাপ্তি নিশ্চিতকরণ।জবাইখানার বাইরে পশু জবাই করলে নতুন আইনে অনূর্ধ্ব এক বছরের কারাদণ্ড অথবা সর্বনিম্ন পাঁচ হাজার ও সর্বোচ্চ ২৫ হাজার টাকা অর্ধদণ্ড অথবা উভয় প্রকার সাজার উল্লেখ করা হয়েছে। একই অপরাধ দুই বার করলে অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ড বা সর্বনিম্ন ১০ হাজার ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। খোদ রাজধানীসহ দেশের কোথাও পশু জবাইয়ের ক্ষেত্রে বিধি যথাযথভাবে মেনে চলা হয় না বলে ব্যাপক অভিযোগ আছে। দেশের বেশ কয়েকটি জেলায় গবাদিপশু ও সেখান থেকে মানুষের মধ্যে অ্যানথ্রাক্স (তড়কা) রোগ ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় চলে এসেছে।আইনের খসড়ায় বলা হয়েছে, শুধু ধর্মীয় অনুষ্ঠান ও পারিবারিক খাবারের জন্য জবাইখানার পশু জবাই করার নিয়ম মানতে হবে না। তবে সেখানেও পরিবেশের কোনো উপাদানকে দূষিত না করে এবং নিয়ম অনুযায়ী পশুর বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করেই জবাই করতে হবে।প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, ‘আশা করা হচ্ছে, ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনেই আইনটি পাস হবে। বর্তমান পরিস্থিতিতে আইনটি দ্রুত পাস করা জরুরি।এ আইনটিতে আপিল ও দায়মুক্তির সুযোগ রাখা হয়েছে।আইনটিতে পশু বলতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, মেষ, দুম্বা, উট, খরগোশ, শূকর, হাঁস, মুরগি, কোয়েল, কবুতর, টার্কি এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে ঘোষিত নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য হালাল প্রাণী অন্তর্ভুক্ত করা হয়েছে।পাকিস্তান আমলে ১৯৫৭ সালে এনিম্যাল স্লটার রেস্ট্রিকশন অ্যান্ড মিট কন্ট্রোল অ্যাক্ট নামে একটি আইন প্রণয়ন করা হয়। ১৯৫৮ সালে এটি সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করা হয়। ১৯৮৩ সালে ওই অধ্যাদেশে কিছু সংশোধন করা হয়। বাংলা ভাষায় নতুন একটি আইন প্রণয়নের জন্য ২০০৩ সাল থেকে প্রক্রিয়া শুরু হয়।ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ভেটেরিনারি কর্মকর্তা মো. আজমত আলী প্রথম আলোকে জানান, আগের আইনটিতে পশুর মান নিয়ন্ত্রণ, জবাইয়ের লাইসেন্স ও রোগ সম্পর্কিত জরুরি বিষয়গুলো ছিল না। নতুন আইনে এ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।আইনের খসড়ায় বলা হয়েছে, জবাইখানায় কর্মরত ভেটেরিনারি কর্মকর্তা বা ভেটেরিনারিয়ান পশু জবাইয়ের উপযুক্ত কি না তার প্রত্যয়নপত্র দেবেন। বেসরকারি জবাইখানায় পশু পরীক্ষা ও প্রত্যয়ন দেওয়া সুষ্ঠুভাবে হচ্ছে কি না তা দায়িত্ব পাওয়া ভেটেরিনারি কর্মকর্তা পরিদর্শন করবেন।পশু জবাই, মাংস প্রক্রিয়াকরণ ও বিপণনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্মী সংক্রামক রোগমুক্ত কি না তা প্রত্যয়িত হতে হবে। মেডিক্যাল কর্তৃপক্ষের সনদপত্র সংরক্ষণ করতে হবে। এ সনদপত্র নবায়ন করতে হবে। মাংস ও মাংসজাত পণ্য পরিবহন এবং বিপণনেও সংশ্লিষ্ট আইন মেনে চলতে হবে।নতুন আইনে জবাইয়ের আগে ও পরে পশু পরীক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া এতে মাংস বিক্রয় স্থাপনা এবং মাংস প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন এবং লাইসেন্স নেওয়া, পশু জবাই ও মাংস বিক্রয় নিষিদ্ধ দিবস, পরিত্যক্ত ঘোষণা করা, জবাইখানার বর্জ্য ব্যবস্থাপনা, মান নির্ধারণ ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।