জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষার সনদ দেন কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জবাই করার আগে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষার সনদ দেওয়ার চিকিৎসক নেই রংপুর নগরে৷ নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনের ভেটেরিনারি সার্জনের এই সনদ দেওয়ার কথা থাকলেও এ কাজ করছেন সংশ্লিষ্ট বিভাগের একজন এমএলএসএস৷
এ ছাড়া সিটি করপোরেশনে একজন স্বাস্থ্য পরিদর্শক থাকলেও তিনি নির্ধারিত কসাইখানায় কোনো দিন যান না বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের সত্যতা স্বীকার করে সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান ও স্বাস্থ্য পরিদর্শক আবদুল কাইয়ুম বলেন, ‘আমি কসাইখানায় যাই না। হাফিজুর রহমান নামের এক কর্মচারীই সব দেখাশোনা করে থাকেন। পশু জবাই হওয়ার পর মাংসে পরীক্ষিত সিল মেরে দেন ওই কর্মচারীই।’
মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, সিটি করপোরেশনে ভেটেরিনাির সার্জনের একটি পদ রয়েছে৷ এই পদে লোক নিয়োগের অনুমতি চেয়ে গত বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি।
সিটি করপোরেশন সূত্র জানায়, স্বাস্থ্যসম্মত পশু জবাই করার জন্য সিটি করপোরেশনের একটিমাত্র কসাইখানা রয়েছে নগরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায়। প্রতিদিন সেখানে ১০০ থেকে ১২৫টি গরু এবং ৪০০ থেকে ৪৫০টি ছাগল জবাই হয়ে থাকে।
স্থানীয় কয়েকজন দোকানদার অভিযোগ করেন, সিটির করপোরেশনের স্বাস্থ্য শাখার এমএলএসএস হাফিজুর রহমানের মৌখিক সনদেই পশু জবাই করা হয়। পরে ওই কর্মচারী মাংসের গায়ে ‘পরীক্ষিত’ লেখা সিল মেরে দেন।
মহানগর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কাদের আনসারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালের ২৪ আগস্ট যত্রতত্র পশুপাখি জবাই বন্ধ এবং যথাযথ চিকিৎসকের সনদ ছাড়া পশু জবাই করাকে শাস্তিযোগ্য অপরাধের বিধান রেখে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল-২০১১’ নামে নতুন আইন করা হয়। কেউ আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ অনুযায়ী তিনি অনূর্ধ্ব এক বছর বিনাশ্রম কারাদণ্ড বা ন্যূনতম পাঁচ হাজার থেকে অনূর্ধ্ব ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দুলাল চন্দ্র ভদ্র বলেন, এ আইন কেউই মানছেন না। কসাইখানায় গবাদিপশু জবাইয়ের আগে তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে সনদ দেওয়ার এখতিয়ার কেবল ভেটেরিনারি সার্জনের। কসাইখানায় আনা গবাদিপশু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর সনদের ভিত্তিতেই জবাই করার বিধান। কিন্তু সে নিয়ম মানা হচ্ছে না।