জবানবন্দি দিচ্ছেন মা মাহফুজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনশ্রীর আলোচিত দুই ভাইবোন হত্যা মামলার একমাত্র আসামি মা মাহফুজা মালেক আজ রোববার আদালতে জবানবন্দি দিচ্ছেন।

ঢাকার মহানগর হাকিম গোলাম নবী তাঁর খাসকামরায় মাহফুজার জবানবন্দি নেওয়া শুরু করেন। বেলা দুইটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর জবানবন্দি চলছে।

মাহফুজার পাঁচ দিনের রিমান্ডের শেষদিন আজ। রিমান্ডের চতুর্থ দিন পর্যন্ত আসামির কাছ থেকে হত্যাকাণ্ডের সন্তোষজনক কারণ জানা যায়নি বলে গতকাল শনিবার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক লোকমান হেকিম জানিয়েছিলেন। তিনি জানান, রিমান্ডে মাহফুজা আগের মতোই দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন। পাশাপাশি তিনি হত্যার কারণ হিসেবে তাদের পড়ালেখা নিয়ে দুশ্চিন্তার কথা উল্লেখ করেছেন।

গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীর বি-ব্লকের একটি বাসায় মাহফুজা মালেকের দুই সন্তান নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজনেরা বলেন, স্থানীয় একটি চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে তাদের মৃত্যু হয়েছে। পরদিন ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া যায়। এরপর ৩ মার্চ র‍্যাব দাবি করে, তাদের জিজ্ঞাসাবাদে মাহফুজা মালেক সন্তান হত্যার দায় স্বীকার করেছেন। ওই দিন রাতেই মাহফুজাকে একমাত্র আসামি করে দুই সন্তানের বাবা আমান উল্লাহ রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরদিন রামপুরা থানার পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে পুলিশ সন্তোষজনক তথ্য না পাওয়ায় ৯ মার্চ আলোচিত মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।