জবানবন্দি দিচ্ছেন মৃদুল চৌধুরী

কুমিল্লা থেকে উদ্ধার হওয়া স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী আদালতে জবানবন্দি দিচ্ছেন।
আজ বুধবার বিকেল চারটায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলামের খাসকামরায় যান মৃদুল চৌধুরী।
মামলার তদন্ত কর্মকর্তা নগরের কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মৃদুল চৌধুরী সুস্থ্য হওয়ায় আজ দুপুরে হাসপাতাল থেকে তাঁকে সরাসরি আদালতে আনা হয়। ঘটনার ভিকটিম হিসেবে জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাঁকে বিচারকের কাছে পাঠানো হয়েছে।’
১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শহরের পুরোনো টেলিগ্রাফ রোডের বাসা থেকে দোকানে যাওয়ার সময় র্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে মৃদুল চৌধুরীকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় শিমুল চৌধুরী ওই দিন রাতে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অপহরণ মামলা করেন। অপহরণের সঙ্গে র্যাব-পুলিশ জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে র্যাব ও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এ ঘটনার ছয়দিন পর গত সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার কংস নগর এলাকায় মৃদুল চৌধুরীকে ফেলে দিয়ে যায় অপহরণকারীরা। এরপর এক নৈশপ্রহরী তাঁকে উদ্ধার করে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।