জবানবন্দি দিতে গিয়ে এএসপির মারধর, পরে মামলার আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসপি) সিদ্দিকুর রহমানের কার্যালয়ে গত শনিবার জবানবন্দি দিতে গিয়ে দুই ব্যক্তি মারধরের শিকার হয়েছেন। ওই এএসপি নিজেই তাঁদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে দুজনকে একটি মামলায় গ্রেপ্তারও দেখানো হয়। গত রোববার তাঁদের জামিন দিয়েছেন আদালত। তাঁরা চাঁপাইনবাবাগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মারধরের শিকার দুই ব্যক্তি হলেন, গোমস্তাপুর উপজেলার বাগচিপাড়া গ্রামের রেজাউল করীম ও একই গ্রামের বোয়ালিয়া বটতলা দাখিল মাদ্রাসার শিক্ষক গোলাম কবীর। মারধরের শিকার দুই ব্যক্তি ও তাঁদের স্বজনেরা জানান, গোমস্তাপুরের চৌডালা সোনারপাড়া এলাকার তাইফুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোমস্তাপুর থানার সহকারী উপপরিদর্শক জাহাঙ্গীর আলম রেজাউলসহ নয়জনকে জরুরি নোটিশ করে শনিবার সকাল নয়টায় এএসপির কার্যালয়ে হাজির হতে বলেন। রেজাউল নির্ধারিত সময়ে কবীরকে নিয়ে এএসপি সিদ্দিকুর রহমানের কার্যালয়ে যান। এ সময় সিদ্দিকুর দুজনকে বেদম লাঠিপেটা করেন ও ১৫০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। পরে তাঁদের গোমস্তাপুর থানায় পাঠিয়ে দেন। থানায় তাইফুলের ভাই সাদেকুলকে হত্যাচেষ্টার অভিযোগে রেজাউল ও গোলাম কবীরসহ নয়জনকে আসামি করে মামলা হয়। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় ঘটনায় সময় বেলা ১১টার কথা উল্লেখ রয়েছে। অথচ ওই সময় তাঁরা এএসপির কার্যালয়ে ছিলেন। এএসপি সিদ্দিকুর রহমান বলেন, মারধর ও স্ট্যাম্পে সই করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। গোমস্তাপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, এএসপির কার্যালয় থেকে ওই দুজনকে থানায় পাঠানো হয়। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।