জবানবন্দি দিলেন আবু বকরের গাড়িচালক
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণের ঘটনায় তাঁর গাড়িচালক মো. রিপন মিয়া জবানবন্দি দিয়েছেন। তিনি আজ রোববার বিকেল চারটায় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুল ইসলামের আদালতে জবানবন্দি দেন।
আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে রিপন আবু বকর সিদ্দিককে অপহরণের সময়ের এবং পূর্ববতী ঘটনার বর্ণনা করেন। এর আগে গতকাল শনিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে জবানবন্দি দেন অপহরণের পর মুক্তি পাওয়া সিদ্দিককে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক হাফিজুর রহমান। অপহূত আবু বকর সিদ্দিক মুক্তি পাওয়ার পরদিন গত শুক্রবার নিজে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গাড়িচালক রিপন আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে তিনজনের জবানবন্দির কপি আদালত থেকে এখনো পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে ১৬ এপ্রিল বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় এলাকায় অস্ত্রের মুখে অপহূত হন আবু বকর সিদ্দিক। এ ঘটনায় আবু বকর সিদ্দিকের স্ত্রী রিজওয়ানা হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তাঁর পেশাগত শত্রুরা তাঁর স্বামীর অপহরণের সঙ্গে যুক্ত থাকতে পারেন। রহস্য উদঘাটনে ডিএমপি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ পৃথক দুটি তদন্ত কমিটি করেছে।