জবানবন্দি দিলেন আরও দুই আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান ওরফে মিল্কি হত্যা মামলার আসামি চুন্নু মিয়া ও মাহবুবুল হক গতকাল বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর সহকারী পরিচালক কাজেমুর রশীদ এই দুই আসামির জবানবন্দি গ্রহণের আবেদন করেন। মহানগর হাকিম অমিত কুমার দে তাঁর খাসকামরায় এ দুজনের জবানবন্দি লিপিবদ্ধ করেন। আদালত জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, জবানবন্দিতে চুন্নু মিয়া ও মাহবুবুল হত্যার পরিকল্পনাকারীসহ কয়েকজনের নাম উল্লেখ করেন।
গত মঙ্গলবার এ মামলায় আসামি আমিনুল ইসলাম ওরফে হাবিব ও সোহেল মাহমুদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে এই মামলায় ছয়জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
গত বছরের ২৯ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশানে একটি বিপণিবিতানের সামনে রিয়াজুল কেনাকাটার জন্য গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁকে গুলি করেন কয়েকজন যুবক। আহত রিয়াজুলকে গুলশান-২ নম্বরের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মেজর রাশিদুল হাসান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।