চট্টগ্রাম নগরের রউফাবাদ এলাকায় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরেক আসামি। তাঁর নাম আবু তৈয়ব। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে জবানবন্দি দেন তিনি।
গত ৫ মার্চ রাতে রউফাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে প্রবাসীর স্ত্রী পারভীন আক্তারকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে বাসার শৌচাগারে আটকে রেখে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। হত্যাকাণ্ড ঘটানোর পর ফ্ল্যাট থেকে চার ভরি সোনা ও ছয় হাজার টাকা নিয়ে যায়। ঘটনার দুই দিন পর গৃহবধূর স্বামী নুরুল আলম অজ্ঞাতপরিচয় তিন যুবককে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, প্রবাসীর স্ত্রী খুনের মামলায় গ্রেপ্তার এক আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, আসামি আবু তৈয়বকে গত শনিবার রাতে হাটহাজারীর মেখল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ইয়াছিন ও মনসুর নামের দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দিতে আবু তৈয়বের নাম উঠে এসেছিল। জবানবন্দিতে আসামিরা বলেছেন, শ্বাসরোধ করে পারভীনকে খুন করার ইচ্ছা তাঁদের ছিল না। তবে ওড়না পেঁচিয়ে ধরায় তিনি মারা যান। মূলত টাকা ও সোনা লুটের জন্য তাঁরা বাসায় ঢুকেছিলেন।