রাজধানীর গুলশানে সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আরেক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার এই জবানবন্দি দেন আকবর আলী।ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া আকবর আলীর এ জবানবন্দি গ্রহণ করেন। বিচারক জবানবন্দি গ্রহণ শেষে আকবরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত সোমবার এ মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন আল আমিন।সূত্র জানায়, আকবর আলী জবানবন্দিতে বলেন, ঘটনার দিন (৫ মার্চ) রাত একটার দিকে গুলশানে তাঁরা একজন বিদেশি লোককে আসতে দেখেন। তিনি, সাইফুল, সেলিম ও খোকন গাড়ি থেকে নেমে ওই লোকের দিকে এগিয়ে যান। সেলিম বিদেশি নাগরিকের পকেটে হাত দেন। এ নিয়ে তাঁর সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে সাইফুল গুলি করেন। এরপর তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার সময় তিনি (আকবর) দূরে দাঁড়িয়ে ছিলেন।