জবানবন্দি দিলেন ইনকিলাবের এক সাংবাদিক
দৈনিক ইনকিলাব-এর কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক পত্রিকাটির সম্পাদক-প্রকাশক, বার্তা সম্পাদকসহ কয়েকজনকে জড়িয়ে গতকাল বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি জবানবন্দি দেন।
মহানগর হাকিম হারুন-অর-রশিদ তাঁর খাসকামরায় আহমেদ আতিকের জবানবন্দি লিপিবদ্ধ করেন। বিচারক জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, সাংবাদিক আহমেদ আতিক জবানবন্দিতে বলেছেন, পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এ এম এম বাহাউদ্দিন তাঁর ব্যক্তিগত সহকারী নুরুর মাধ্যমে তাঁকে প্রতিবেদন তৈরি করে দিতে বলেন। তিনি প্রতিবেদনটি তৈরি করে উপ-প্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদকে দিতে বলেন। রফিক মোহাম্মদ তাঁকে ১৫ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে পত্রিকা কার্যালয়ে ডেকে পাঠান এবং তাঁকে বলেন, সম্পাদক ও প্রধান প্রতিবেদক প্রতিবেদনটি তৈরি করতে বলেছেন। অফিসে গিয়ে রফিক মোহাম্মদের সঙ্গে দেখা করার পর তিনি তাঁর কম্পিউটার থেকে তাঁর (আতিক) কম্পিউটারে একটি সফট কপি দেন। তা থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করতে বলেন।
জবানবন্দিতে আতিক আরও বলেন, প্রতিবেদনটি তৈরির সময় তাঁর মনে হয়েছিল, এটি সরকারবিরোধী। বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি ও প্রধান প্রতিবেদক নুরুল ইসলামকে বিষয়টি জানালে তাঁরা প্রতিবেদন করার নির্দেশ দেন। এরপর প্রতিবেদক স্ট্যালিন সরকার ও সাখাওয়াত হোসেন ওরফে বাদশাকে জানালে তাঁরাও রফিক মোহাম্মদের সঙ্গে আলোচনা করে তাড়াতাড়ি প্রতিবেদন জমা দিতে বলেন।
জবানবন্দিতে আহমেদ আতিক জানান, সম্পাদক-প্রকাশকসহ অন্যদের কথায় তিনি প্রতিবেদন তৈরি করে জমা দেন, পরদিন তা প্রকাশিত হয়। তিনি পরে জানতে পারেন, ওই প্রতিবেদনের তথ্য সঠিক ছিল না। এ জন্য তিনি অনুতপ্ত।
ইনকিলাব পত্রিকায় ১৬ জানুয়ারি ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় সেনাবাহিনীর সহায়তা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনায় সেদিনই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ওয়ারী থানায় মামলা করা হয়। ওই দিন রাতেই আর কে মিশন রোডে ইনকিলাব কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। পত্রিকাটির ছাপাখানা ও কম্পিউটার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রবিউল্লাহ, রফিক মোহাম্মদ ও আহমেদ আতিককে গ্রেপ্তার করে পুলিশ। ২০ জানুয়ারি আতিককে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। অপর দুজনকে কারাগারে পাঠান আদালত।