জবানবন্দি দিলেন ইিটভি চেয়ারম্যান
রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলায় জবানবন্দি দিয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালাম। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
গতকাল মহানগর হাকিম শাহারিয়ার মাহমুদ আদনান তাঁর খাস কামরায় আবদুস সালামের জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক ওয়াহিদুজ্জামান গতকাল দুপুরে আবদুস সালামকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। তিনি আবদুস সালামের জবানবন্দি গ্রহণের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
৪ জানুয়ারি রাতে লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমানের দেওয়া বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। এরপর ৮ জানুয়ারি দুপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বেসরকারি টেলিভিশন ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ৪ জানুয়ারি রাতে লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেন এবং ইটিভি ওই বক্তব্য সরাসরি সম্প্রচার করে।
৬ জানুয়ারি আবদুস সালামকে একটি পর্নোগ্রাফি আইনের একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে ১১ জানুয়ারি আবদুস সালামকে তেজগাঁও থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।