জবানবন্দি দিলেন চার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চার আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এস এম শহীদুল্লাহ কায়সারের খাসকামরায় তাঁরা জবানবন্দি দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে বলেন, হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার চার আসামি হারুন অর রশিদ, আবদুর রহমান ইবনে আসাদুল্লাহ, মো. ইউসুফ ও মোস্তাকিম বিল্লাহকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল আদালতে হাজির করা হয়। পরে তাঁরা বিচারকের খাসকামরায় জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাঁদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, চার আসামি জবানবন্দিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।
গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী থেকে জঙ্গি সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করে র্যা ব-৭। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। গ্রেপ্তারের পর প্রথম দফায় তাঁদের চার দিনের রিমান্ডে নিয়েছিল র্যা ব। দ্বিতীয় দফায় ওই চারজনকে আবার রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গতকাল তাঁরা আদালতে জবানবন্দি দেন।
ব্যবসায়ী এনামুলের রিমান্ড শুনানি আজ: ‘শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার পোশাক ব্যবসায়ী এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে গতকাল। আজ সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রিমান্ড আবেদনের শুনানি হতে পারে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং বলেন, পোশাক ব্যবসায়ী এনামুল হককে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তা র্যা ব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত সোমবার শুনানির দিন ধার্য রাখেন।
৫ সেপ্টেম্বর ঢাকার তুরাগ থানার তালতলা এলাকা থেকে এনামুল হককে গ্রেপ্তার করে র্যা ব। পরদিন তাঁকে বাঁশখালী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় র্যা ব। এরপর গত বৃহস্পতিবার তাঁকে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।