জবানবন্দি দিলেন তদন্ত কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। তাঁরা যথাক্রমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ এই জবানবন্দি দেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দেওয়া শুরু করেন গোলাম আযমের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমান। তিনি এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৬তম ও শেষ সাক্ষী। জবানবন্দিতে তিনি বলেন, তদন্তের জন্য তিনি বাংলা একাডেমী, জাতীয় আর্কাইভ প্রভৃতি জায়গায় মুক্তিযুদ্ধকালের বিভিন্ন পত্রপত্রিকা, দলিল ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা করেন এবং ২৫টি জব্দ তালিকা তৈরি করে আলামত সংগ্রহ করেন। গতকাল তিনি এর মধ্যে ১৮টি জব্দ তালিকা ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তিনি আজ সোমবার অবশিষ্ট জবানবন্দি দেবেন।মনোয়ারা বেগমের জবানবন্দি: বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ জবানবন্দি দেন কাদের মোল্লার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম বলেন, এই মামলায় তিনি কয়েকজন ভুক্তভোগী ও নির্যাতিত নারীর জবানবন্দি নিয়েছেন। জবানবন্দি শেষে মনোয়ারা বেগমকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। একটি প্রশ্ন করার পর জেরা ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।