জবানবন্দি দিলেন দশম সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী সৈয়দ আবদুল কাইয়ুম। জবানবন্দিতে তিনি বলেন, তিনি শুনেছেন, সাংবাদিক খন্দকার আবু তালেবকে স্থানীয় অবাঙালি, আখতার গুন্ডা ও কাদের মোল্লা মিরপুরের জল্লাদখানায় নিয়ে হত্যা করেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল কাইয়ুমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। এ সময় কাদের মোল্লা আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জবানবন্দিতে কাইয়ুম বলেন, একাত্তরে তিনি মিরপুর বাংলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি আওয়ামী লীগ না করলেও এর পক্ষের লোকজনের খোঁজখবর নিতেন ও মেলামেশা করতেন। তাঁদের একজন সাংবাদিক খন্দকার আবু তালেব তাঁকে অত্যন্ত স্নেহ করতেন। একাত্তরের ২৩ মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে সকালে স্কুলের কিছু ছাত্র বাংলাদেশের পতাকা নিয়ে এলে তিনি স্কুলে সেটি উত্তোলন করেন। আনুমানিক রাত দেড়টার দিকে তিনি দরজায় আঘাতের শব্দ পান এবং তাঁকে মেরে ফেলা হবে বলে শুনতে পান। ভয়ে পালানোর সময় তিন-চারজন তাঁর কাছে পতাকা উত্তোলনের কারণ জানতে চায় এবং ছুরিকাঘাত করে। তাঁকে আবু তালেবের বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন সকালে তাঁকে বঙ্গবন্ধুর বাসায় নিয়ে যাওয়া হলে বঙ্গবন্ধু তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি হতে বলেন।সাক্ষী বলেন, ১৬ এপ্রিলের পর তিনি গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলে যান। জুন মাসে তাঁর বন্ধু ফারুক খান তাঁর বাড়ি গেলে তিনি শোনেন, আবু তালেবকে স্থানীয় অবাঙালিরা, আখতার গুন্ডা ও কাদের মোল্লা মিরপুরের জল্লাদখানায় নিয়ে হত্যা করেছেন।