জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার পোশাক ব্যবসায়ী এনামুল হক গতকাল বৃহস্পতিবার বাঁশখালীর আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেন।
বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর প্রথম আলোকে বলেন, বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে এনামুল হক বিচারকের খাসকামরায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি সানজিদা এন্টারপ্রাইজ নামের একটি হিসাব নম্বরে ১৬ লাখ টাকা দেওয়ার কথা স্বীকার করেন। হিসাব নম্বরটি ‘শহীদ হামজা ব্রিগেডের’ সদস্য মনিরুজ্জামানের।
আদালত সূত্র জানায়, জবানবন্দির পরে এনামুল হককে আদালতে হাজির করা হলে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আসামি এনামুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামির আইনজীবী শামসুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, এনামুলকে পোশাক সরবরাহের জন্য ১৬ লাখ টাকা দিয়ছিলেন এক ব্যক্তি। পরে কার্যাদেশটি বাতিল করা হলে ওই ব্যক্তির কথামতে ১৬ লাখ টাকা ফেরত দেওয়া হয়। এতে বোঝা যায়, এনামুল জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নন।
গত শনিবার ঢাকার তুরাগ থানার তালতলা এলাকা থেকে এনামুল হককে গ্রেপ্তার করে র্যা ব-৭। পরদিন বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয় র্যা ব। রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়।
এদিকে হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিন আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীসহ ২১ আসামিকে গতকাল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয়। পরে তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে বলেন, মামলাটির দিন ধার্য থাকায় আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়। তাঁদের হাজতখানায় রাখা হয়। আদালত আগামী ২১ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য রেখেছেন।
গত ১৮ আগস্ট ঢাকা থেকে তিন আইনজীবীকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করে র্যা ব। পরে তাঁদের বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।