জবানবন্দি দিলেন মেজর আরিফের গাড়িচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন র্যাব-১১-এর সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেনের গাড়িচালক ল্যান্স নায়েক দেলোয়ার হোসেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এইচ এম শফিকুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় তিনি এই জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল এসব কথা জানিয়েছেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। একই থানায় আরেকটি মামলা করেন আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল।
সাত খুনের এ ঘটনায় এর আগে র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লে. কমান্ডার এম এম রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেন। এ ছাড়া, র্যাব-১১-এর ছয়জন সদস্য ওই অপহরণ ও খুনের ঘটনার সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।