জবানবন্দি দিলেন রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী হাবিবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী এ কে এম হাবিবুল হক। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান তাঁর জবানবন্দি নেন।জবানবন্দিতে হাবিবুল হক বলেন, তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের সদর থানার মসজিদ রোডে। একাত্তরে তিনি সম্মান প্রথম বর্ষে পড়তেন। একাত্তরের ১৪ আগস্ট পাকিস্তানি সেনারা ফরিদপুরে পাকিস্তানের স্বাধীনতা দিবস উৎসব পালনের পরিকল্পনা করলে তাঁরা তা বানচালের পরিকল্পনা করেন। ১৪ আগস্ট বেলা একটার দিকে তাঁর বাড়ির সামনে পাকিস্তানি সেনাদের একটি জিপ ও একটি বড় ট্রাক থামে। সে সময় তিনি পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর নামের এক রাজাকার বাধা দেন। তিনি জাহাঙ্গীরকে ধাক্কা দিয়ে ফেলে পালাতে থাকেন। তিনি বলেন, ‘এ সময় প্রাণভয়ে চিন্তিত ছিলাম। জিপে মনে হয় মুজাহিদকে এক ঝলক দেখেছি।’ তিনি বলেন, সেখান থেকে তিনি চরকমলাপুর হয়ে পরে ঢাকায় আসেন।জবানবন্দি শেষে হাবিবুল হক আসামির কাঠগড়ায় থাকা মুজাহিদকে শনাক্ত করেন।জবানবন্দির পর সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম। দুটি প্রশ্ন করার পর এ মামলার কার্যক্রম ১৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।কাদের মোল্লার পক্ষে ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য: বেলা দুইটায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু হয়। এ সময় এই ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান ওবায়দুল হাসান ও নতুন সদস্য বিচারপতি মজিবুর রহমান মিয়াকে অভিনন্দন জানান রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা।এরপর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার পক্ষে সাক্ষ্য দেন আসামিপক্ষের ষষ্ঠ সাক্ষী এ আই এম লোকমান। আসামির কাঠগড়ায় কাদের মোল্লার উপস্থিতিতে লোকমানের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার।জবানবন্দিতে লোকমান বলেন, তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং শহীদুল্লাহ হলে থাকতেন। ওই বছর তিনি ওই হলের মসজিদে ইমাম হিসেবে যোগ দেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ হয়ে গেলে একাত্তরের ৭ মার্চের তিন-চার দিন পর তিনি কাদের মোল্লাকে ব্যাগ হাতে দেখেন। কাদের মোল্লা তাঁকে সালাম দিয়ে বলেন, তিনি বাড়ি চলে যাচ্ছেন। ১৯৭২ সালে আবার ক্লাস শুরু হয়, ’৭৩ সালের শুরুতে কাদের মোল্লাকে আবার শহীদুল্লাহ হলে দেখেন তিনি। এ সময় কাদের মোল্লা তাঁকে বলেন, এই সময় পর্যন্ত তিনি বাড়িতে ছিলেন।জবানবন্দি শেষে লোকমানকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। একাত্তরের ৭ মার্চের পর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত কোথায় ছিলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হলে ছিলেন। জেরার শেষ পর্যায়ে মোহাম্মদ আলী মত (সাজেশন) দেন, সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে তিনি বলেন, এটা সত্য নয়।জেরা শেষে ১৭ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সেদিন রাষ্টপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করবে।