জবানবন্দি দিলেন সন্দেহভাজন তিন নারী জঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার করা তিন নারী গতকাল সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ বলছে, এই তিন নারীও তাঁদের স্বামীদের মতো জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সক্রিয় সদস্য। তাঁরা হলেন আজিমপুরে নিহত তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা এবং গুলশান হামলা মামলার সন্দেহভাজন পলাতক আসামি নুরুল ইসলাম ওরফে মারজানের স্ত্রী আরেফিন প্রিয়তি ও বাশারুজ্জামান ওরফে চকলেটের স্ত্রী শাহেলা আরফিন।
সাত দিনের রিমান্ড শেষে তিন নারীকে গতকাল আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে আবেদন করেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী কমিশনার আহসানুল হক। পরে মহানগর হাকিম মাহমুদুল হাসান আরেফিন প্রিয়তির, মহানগর হাকিম নুরুন্নবী আবেদাতুল ফাতেমার ও মহানগর হাকিম সাদবীর ইয়াসির শাহেলা আরেফিনের জবানবন্দি গ্রহণ করেন। ৯ অক্টোবর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম আদালত ওই তিন নারীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশ অভিযান চালায়। তখন জঙ্গিরা পুলিশের ওপর ছোরা ও মরিচের গুঁড়া নিয়ে আক্রমণ করে। সেখান থেকে তানভীর কাদেরীর গলাকাটা লাশ উদ্ধার এবং তিন নারীকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে তানভীর কাদেরীর ১৪ বছরের ছেলে, বাশারুজ্জানের ১০ মাসের শিশুসন্তান এবং এর আগে রূপনগরে নিহত মেজর (অব.) জাহিদুল ইসলামের সাত বছরের মেয়েকে উদ্ধার করা হয়।