জবানবন্দি দিলেন হাজি ফারুক
নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামি হাজি ফারুক গতকাল বুধবার আদালতে জবানবন্দি দিয়েছেন। এদিকে কাজী নূরে আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে মাহফুজ হোসেন ওরফে সবুজ ও শাহীন মিয়াকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।সূত্র জানায়, সন্দেহভাজন আসামি হাজি ফারুকের ১০ দিনের রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে নেওয়া হয়। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য দুপুর সাড়ে ১২টায় তাঁকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামের খাসকামরায় নেওয়া হয়। জবানবন্দি গ্রহণ শেষে বিকেল সাড়ে চারটায় হাজি ফারুককে নরসিংদী কারাগারে পাঠানো হয়। তবে তিনি জবানবন্দিতে কী বলেছেন, তা জানা যায়নি।এদিকে হত্যা মামলায় গ্রেপ্তার মাহফুজ হোসেন ও শাহীন মিয়ার প্রথম দফার ১০ দিনের রিমান্ড শেষে গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়। তাঁদের দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় গোয়েন্দা পুলিশ। এ ছাড়া রোববার গভীর রাতে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আসামি কাজী নূরে আলমকেও গতকাল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালতের বিচারক মুখ্য বিচারিক হাকিম নিতাইচন্দ্র সাহা মাহফুজ হোসেন ও শাহীন মিয়ার চার দিন ও কাজী নূরে আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।সূত্র জানায়, লোকমান হোসেন হত্যায় জড়িত থাকার সন্দেহে গত ১৯ নভেম্বর সদর উপজেলার মাধবদী মনোহরপুর এলাকা থেকে মাহফুজ হোসেন ও শাহীন মিয়াকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। একই দিনে রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয় হাজি ফারুককে। ২০ নভেম্বর তাঁদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, হাজি ফারুককে রিমান্ডে নেওয়ার পর বেশ কিছু তথ্য পাওয়া গেছে। হত্যায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না।উল্লেখ্য, গত ১ নভেম্বর রাতে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হন।