জবানবন্দি দিলেন 'হামজা ব্রিগেড' সদস্য আনোয়ার
‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠনকে অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগে গ্রেপ্তার আনোয়ার হোসেন জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেনের খাসকামরায় তিনি এই জবানবন্দি দেন।
বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করতে গত বৃহস্পতিবার তিন দিনের রিমান্ডে নিয়েছিল র্যাব-৭।
বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর প্রথম আলোকে বলেন, আসামি আনোয়ার জবানবন্দিতে হামজা ব্রিগেডের সদস্য মনিরুজ্জামান ডনের সঙ্গে পরিচয় থাকার কথা স্বীকার করেছেন। জবানবন্দিতে আরও কিছু তথ্য থাকলেও তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না। জবানবন্দি শেষ হওয়ার পর বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গত ৫ জুন আনোয়ার হোসেনকে চট্টগ্রাম নগরের এ কে খান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে হালিশহর থানার অস্ত্র ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। র্যাব বলছে, হামজা ব্রিগেডের সদস্য আনোয়ার। বৃহস্পতিবার তাঁকে বাঁশখালীর লটমণি পাহাড়ে জঙ্গি আস্তানা ও অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেয় র্যাব।