বাবা কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতার হত্যাকারীদের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কাজী আরেফের মেয়ে কাজী নুসরাত জাহান। সেই সঙ্গে তিনি ঘটনার ‘নেপথ্য উদ্ঘাটনের স্বার্থে’ এ মামলার আসামিদের জবানবন্দির তথ্য প্রকাশ করার অনুরোধ করেছেন।
এদিকে গত বৃহস্পতিবার রাতে ফাঁসি হওয়া তিন আসামির মরদেহ গতকাল শুক্রবার দাফন করা হয়েছে।
কাজী নুসরাত জাহান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন পর হলেও ফাঁসি কার্যকরের মধ্যে দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো। এতে আমরা খুশি। তবে আরও খুশি হব যাঁরা এ হত্যার পরিকল্পনায় ছিলেন, সেই সব পর্দার আড়ালের ব্যক্তিদের যদি বিচারের আওতায় আনা হয়।’ নুসরাত আরও বলেন, ‘সরকারের কাছে আমাদের অনুরোধ, আসামিদের জবানবন্দির তথ্য যেন প্রকাশ করা হয়। তাতে কারা এ ঘটনার নেপথ্যে ছিলেন, তা বের হয়ে আসতে পারে।’
ফাঁসি কার্যকরের পর তিন আসামির মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগার থেকে কুষ্টিয়ায় পাঠানো হয়। এ তিন আসামির মধ্যে আনোয়ার হোসেনকে গতকাল ভোরে কুষ্টিয়া পৌর কবরস্থান, সকাল নয়টায় রাশেদুল ইসলাম ওরফে ঝন্টুকে চুয়াডাঙ্গার উজিরপুর ও সোয়া ১০টায় শাফায়েত হোসেন ওরফে হাবিবুর রহমানকে কুষ্টিয়ার মিরপুরের রাজনগর গ্রামে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন বলেন, আনোয়ার হোসেনের নিজের গ্রাম মিরপুর উপজেলার কুর্শায় কোনো আত্মীয়স্বজন না থাকায় তাঁকে কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হয়। সেখানে কুষ্টিয়া মডেল থানার পুলিশ উপস্থিত ছিল। শাফায়েত হোসেনকে সকালে নিজ গ্রাম মিরপুরের রাজনগরে দাফন করা হয়। আর গ্রামে আত্মীয়স্বজন না থাকায় রাশেদুল ইসলামের মরদেহ ভোরে চুয়াডাঙ্গার উজিরপুরে পাঠানো হয়। সেখানে মরদেহ গ্রহণ করেন তাঁর বড় ভাই। পরে সেখানে মরদেহ দাফন করা হয়।
জাসদের সন্তোষ: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক সভাপতি কাজী আরেফ আহমেদের খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে দলটি। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই রায় কার্যকরের ঘটনা বড় অর্জন বলেও মনে করে দলটি।
গতকাল শুক্রবার জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘ ১৭ বছর আইনি লড়াই শেষে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ এবং কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন নেতা লোকমান হোসেন, ইয়াকুব আলী, ইসরাইল হোসেন তরফদার ও সমশের আলী মণ্ডলের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন আসামির ফাঁসি কার্যকর করায় সন্তোষ প্রকাশ করছি।’
দুই জাসদ নেতা বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে রায় কার্যকরের ঘটনা বড় অর্জন। তাঁরা অবিলম্বে পলাতক বাকি আসামিদের গ্রেপ্তার করে রায় কার্যকর করার আহ্বান জানান। বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম (বোয়াফ) বিবৃতিতে জানিয়েছে, কাজী আরেফের খুনিদের ফাঁসি কার্যকরে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।