চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃদাত শারিমা রহমান হত্যা মামলার আসামি এস এম তোহা ওরফে সৌরভ গতকাল মহানগর হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম শামসুল ইসলামের আদালতে তিনি এই আবেদন করেন।আবেদনে দাবি করা হয়, পুলিশ আসামি তোহাকে জবানবন্দি দিতে বাধ্য করেছে। আদালত আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিয়ে ২৯ মার্চ এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন। একই আদালত ওই হত্যা মামলায় ২৯ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। মামলাটি শুনানির জন্য গতকালই মহানগর দায়রা জজ আদালতে প্রথম তালিকাভুক্ত হয়।গত বছরের ২১ অক্টোবর সন্ধ্যায় নগরের আমিরবাগ আবাসিক এলাকার একটি বাসার ছাদে তোহার ছুরিকাঘাতে মৃদাত খুন হন। তিনি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী ছিলেন। ওই রাতে মৃদাতের বাবা মিজানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। আদালত সূত্র জানায়, গত বছরের ২৪ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তোহা।