পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় দেওয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন তাঁদের মেয়ে ঐশী রহমান। ক্রসফায়ারের ভয়ে জবানবন্দি দিয়েছিলেন বলে তিনি আবেদনে জানান।
গতকাল বৃহস্পতিবার ঐশীর উপস্থিতিতে তাঁর জামিনের শুনানির দিন ধার্য ছিল। মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ তাঁর জামিনের আবেদন নাকচ করেন। প্রত্যাহারের আবেদন নথিভুক্ত করার আদেশ দেন।
এদিকে কিশোর আদালতে গৃহকর্মী খাদিজা খাতুন ওরফে সুমির জামিনের শুনানি হয়। বিচারক আনোয়ার ছাদাত তাঁর খাসকামরায় জামিন বিষয়ে শুনানি গ্রহণ করেন।
সুমির আইনজীবী সৈয়দ নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, আদালত জামিনের আবেদন নাকচ করেন। তিনি বলেন, আদালত সুমির যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন, তা শিশু অধিকার আইন অনুসরণ করে নেওয়া হয়নি।
ঐশী আদালতে দেওয়া প্রত্যাহার আবেদনে বলেন, তাকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন বলা হয়, তাঁদের কথামতো ম্যাজিস্ট্রেটের সামনে কথা না বললে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অথবা ক্রসফায়ারে মেরে ফেলা হবে। নির্যাতন সহ্য করতে না পেরে এবং মৃত্যুর ভয়ে আদালতে জবানবন্দি দেন। ওই জবানবন্দি সত্য নয় এবং স্বেচ্ছাপ্রণোদিতও নয়।