জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলেন আসামি হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান ইতিপূর্বে তাঁর দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। গতকাল বুধবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে হাফিজুর রহমান নিজ হাতে লেখা এই আবেদন জমা দেন।হাফিজুর রহমানের আবেদনের বিষয়ে তাঁর আইনজীবী মাহমুদুর রহমান পরে সাংবাদিকদের বলেন, পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছিল বলে হাফিজুর রহমান তাঁর আবেদনে উল্লেখ করেছেন। এ কারণে তিনি ওই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘আদালত হাফিজুর রহমানের আবেদন নথিতে রেখেছেন। এতে বিচার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।’হাফিজুর রহমানের আবেদনের পর আদালতে সাক্ষ্য দেন চট্টগ্রামের সাবেক মহানগর হাকিম ওসমান গণি। বর্তমানে তিনি রাঙামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। তিনি আদালতে বলেন, তিনি চট্টগ্রাম মহানগর হাকিম হিসেবে দায়িত্ব পালনকালে ২০০৯ সালের ২ মার্চ আসামি হাফিজুর রহমান ও দ্বীন মোহাম্মদ, ২৩ এপ্রিল মহসীন উদ্দিন তালুকদার ও ২৭ মে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম এবং ২০০৯ সালের ১২ মার্চ সাক্ষী মবিন হোসেন খান, ২০১০ সালের ৬ এপ্রিল আবদুল্লাহ হেল বাকী, ১৬ সেপ্টেম্বর এনামুর রহমান চৌধুরী ও ২৬ সেপ্টেম্বর শামসুল ইসলামের ১৬৪ ধারার জবানবন্দি নথিভুক্ত করেন তিনি।সাক্ষ্য শেষে হাফিজুর রহমানের আইনজীবীর প্রশ্নের জবাবে ওসমান গণি বলেন, ‘জবানবন্দি দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করতে হাফিজুর রহমানকে তিন ঘণ্টার বেশি সময় দিই। তাঁকে নিয়ে এসেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দি দেওয়ার আগে কোথা থেকে আনা হয়েছে, তা জিজ্ঞেস করলে হাফিজুর রহমান জবাব দিতে পারেনি।’ তিনি বলেন, ‘কোনো প্রলোভনে বা ভয়ে দোষ স্বীকার করেছেন কি না জানতে চেয়েছিলাম। হাফিজুর রহমান স্বেচ্ছায় জবানবন্দি দিচ্ছেন বলে জানিয়েছিলেন।’ জেরায় আইনজীবী বলেন, ‘নির্যাতন করে ও ভয়ভীতি দেখিয়ে তাঁকে জবানবন্দি দিতে আনা হয়েছিল বলে হাফিজুর রহমান আপনাকে জানিয়েছিল।’ জবাবে ওসমান গণি বলেন, ‘সত্য নয়।’ এরপর ওসমান গণিকে জেরা করেন আসামি দ্বীন মোহাম্মদের আইনজীবী মো. ইরফান। জেরা অসমাপ্ত রেখে দিনের কার্যক্রম শেষে আদালত ২৭ জানুয়ারি মামলার দিন ধার্য করেছেন।