জবানবন্দি শেষে কারাগারে র্যাবের রুহুল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া র‌্যাব-১১-এর ল্যান্স করপোরাল রুহুল আমিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠান আদালত।

আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে পৃথক দুই মামলায় জবানবন্দি দেন রুহুল আমিন। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন।

এর আগে র‌্যাব সদস্য রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা চার দফায় মোট ২৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

পাঁচ মাস পলাতক থাকার পর ৭ অক্টোবর পটুয়াখালীর বাউফল থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

সাত খুনের ঘটনায় এ পর্যন্ত ১১ জন র‌্যাব সদস্যসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে তাঁদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। অন্যদিকে, চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় আরেকটি মামলা করেন।