চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবাহী ট্রাকের চাপায় পুলিশের দুই কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মো. সিরাজ গতকাল শুক্রবার আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন কি না, জানা যায়নি। জবানবন্দি শেষে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, চালক সিরাজ প্রথমে পুলিশের কাছে স্বীকার করেন, তাঁর ট্রাকের চাপায় ওই দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এরপর আদালতেও ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে রাজি হন। ফলে বিকেলে তাঁকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলামের কাছে পাঠানো হয়। জবানবন্দি শেষে সন্ধ্যায় তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে জবানবন্দিতে তিনি কী বলেছেন, তা জানা যায়নি।
শিবগঞ্জের কানসাট পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে গত বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম (৩৮) ও সার্জেন্ট আতাউল ইসলাম (২৫)। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করে পুলিশ। এতে সিরাজ ছাড়াও আরও দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন মুন্সিগঞ্জের ট্রাকচালক মো. আনোয়ার ও শিবগঞ্জের মাদক ব্যবসায়ী মো. পারভেজ। সিরাজকে বৃহস্পতিবার শিবগঞ্জের কাশিয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্য দুজন এখনো পলাতক।