জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তাকে দেওয়া ১৫ সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদনের শুনানি হয়।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও বর্তমান সভাপতি জয়নুল আবেদীন এবং আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক।শুরুতে এই আবেদন উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন। আবেদনের সঙ্গে আসামিপক্ষ ইসলামিক টেলিভিশন ও দিগন্ত টেলিভিশনে প্রচারিত দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালে দেখায়। প্রতিবেদন দুটিতে সাঈদীর বিরুদ্ধে এই মামলার কয়েকজন সাক্ষীর বক্তব্য রয়েছে।শুনানিতে মওদুদ আহমদ বলেন, সাক্ষীকে জেরা বিচার-প্রক্রিয়ার একটি মৌলিক বিষয়। সাক্ষীদের জেরা করার সুযোগ না পেলে আসামিপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। জেরা জাতীয় ও আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি স্বীকৃত পদ্ধতি এবং এই পদ্ধতি অনুসরণ করা না হলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।খন্দকার মাহবুব হোসেন বলেন, ট্রাইব্যুনালের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে রয়েছে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, যা দেশে-বিদেশে গ্রহণযোগ্য নয়।আবদুর রাজ্জাক বলেন, তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালের সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর সাক্ষীসংক্রান্ত প্রতিবেদনে অসত্য তথ্য দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ আজ বুধবার তাদের যুক্তি উপস্থাপন করবে।গত ২৯ মার্চ সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনের কাছে দেওয়া ১৫ জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আদেশ দেন ট্রাইব্যুনাল। আদেশে বলা হয়, এই মামলার অবশিষ্ট ৪৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ বলে রাষ্ট্রপক্ষ সফলভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এ জন্য তাঁদের জবানবন্দি অজেরাকৃত সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হলো। বাকি ৩১ জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করার আবেদন খারিজ করা হয়।