জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আদেশ পুনর্বিবেচনার শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ১৫ জন সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি গতকাল সোমবার শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যেকোনো দিন এই আদেশ দেওয়া হতে পারে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল পুনর্বিবেচনার আবেদনের শুনানি করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। আবদুর রাজ্জাক কিছু নথিপত্র ট্রাইব্যুনালকে দেখিয়ে বলেন, এগুলো মামলার সাক্ষীদের ঢাকায় এনে রাখার জন্য নির্ধারিত বাড়ির (উইটনেস হাউস) তিনটি রেজিস্ট্রার। এগুলোতে সাক্ষীদের আসা-যাওয়া, খাওয়া থেকে শুরু করে সব ধরনের তথ্য লিপিবদ্ধ আছে। কয়েকজন সাক্ষী কখনো ঢাকায় আসেননি বলে রাষ্ট্রপক্ষ দাবি করেছে, কিন্তু তাঁদের নাম রেজিস্ট্রারে রয়েছে। তিনি দাবি করেন, যে ১৫ সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করা কষ্টসাধ্য ও অসম্ভব বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তাঁদের মধ্যে অন্তত নয়জন উইটনেস হাউসে এসেছিলেন। তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালের সঙ্গে প্রতারণা করেছেন।এরপর সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালে বলেন, এ ধরনের ডায়েরি রাখার বিধান তদন্ত সংস্থার নেই। সাক্ষীদের যেখানে রাখা হয় সেটি কোনো থানা বা কারাগার নয়। সাক্ষীদের নাম-ঠিকানা লিখে রাখার কোনো নিয়ম নেই। সাক্ষীরা যেখানে থাকেন, সে জায়গার কোনো নথিপত্র এগুলো নয়। আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে এ শুনানি হয়। শুনানি শেষে আদেশের জন্য কোনো দিন ধার্য না করে ট্রাইব্যুনাল তা অপেক্ষমাণ (সিএভি) রাখেন।