কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রলীগ নেতা মো. খালিদ সাইফুল্লাহ নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাস (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি সংঘর্ষের সময় গুলি করার কথা স্বীকার করেছেন।
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুর আলম প্রথম আলোকে বলেন, রাজধানীর রামপুরা থেকে গত শুক্রবার সন্ধ্যায় বিপ্লবকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা ডিবি পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাঁকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে হাজির করা হয়। এ সময় তিনি ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গুলি চালানোর কথা স্বীকার করেন। পরে আদালত তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে সংঘর্ষের পরদিন বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্র হলে পুলিশের তল্লাশির সময় গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রূপম চন্দ্র দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সদস্য জাহিদুল ইসলাম ওরফে জুয়েল, আবু বকর সিদ্দিক, সুদীপ্ত নাথ ও সজন বরণ বিশ্বাসকে গতকাল সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে এক দিনের রিমান্ডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গত বুধবার তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই ছয় আসামি ঘটনার দিন হলে ভাঙচুরের কথা স্বীকার করেছেন। তবে তাঁরা গুলি চালাননি বলে দাবি করেছেন। রিমান্ড শেষে তাঁদের আজ রোববার আদালতে নেওয়া হবে বলেও তিনি জানান।
গত রোববার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় মাথায় গুলি লাগে কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে তিনি মারা যান। তিনি মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।