জবানবন্দিতে জড়িতদের নাম বললেন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক আসামি চট্টগ্রাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, জবানবন্দিতে ওই আসামি বলেছেন, সেদিন রাতে ডাকাতি করতে তাঁরা চারজন ওই বাড়িতে ঢুকেছিলেন। বাড়ির বাইরে ছিলেন তাঁদের এক সহযোগী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খানের আদালতে জবানবন্দি দেন আসামি মিজান মাতুব্বর।

গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার মাইলের মাথা এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার মিজান জবানবন্দিতে বলেছেন, চারজনের মধে৵ দুজন ধর্ষণ করেন। মিজান ধর্ষণের চেষ্টা করেছিলেন। ডাকাতি করার পর ১৩ হাজার টাকা ভাগে পান তিনি।

পিবিআইয়ের পরিদর্শক বলেন, মিজানের কাছ থেকে ১৩ হাজার টাকার মধে৵ ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাকাতি ও ধর্ষণের ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা। বাকি চারজনের মধ্যে দুজন ঢাকা থেকে এসেছিলেন। তাঁরা সবাই ডাকাত দলের সদস্য। স্থানীয় বাসিন্দাই বাকি চারজনকে ডাকাতি করার জন্য কর্ণফুলী এলাকায় নিয়ে আসেন। ঘটনার পর ডাকাতির মালামাল বিক্রি করে তিনি সবাইকে টাকার ভাগ বুঝিয়ে দেন। এরপর যে যাঁর মতো চলে যান। এখন পর্যন্ত এ ঘটনায় পুলিশ যে তিনজনকে গ্রেপ্তার করেছে, তাঁদের কারও নাম জবানবন্দিতে মিজান বলেননি।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা বলেন, ওই তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল।

মামলাটি এত দিন কর্ণফুলী থানার পুলিশ তদন্ত করেছে। গতকাল দুপুরে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। অবশ্য মামলা হওয়ার পর থেকেই পিবিআই ছায়া তদন্ত শুরু করেছিল।

১২ ডিসেম্বর রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বাড়িতে ডাকাতির পর চার নারীকে ধর্ষণ করে ডাকাতেরা। চার নারীর মধ্যে একজন অন্তঃসত্ত্বা। ঘটনার পর পরিবারটি প্রথমে কর্ণফুলী থানায় মামলা করতে যায়। কিন্তু তাদের পটিয়া থানায় পাঠানো হয়। এলাকাটি পটিয়া থানার আওতাধীন নয় উল্লেখ করে ভুক্তভোগীদের আবার কর্ণফুলী থানায় যেতে বলা হয়। শেষ পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে ১৭ ডিসেম্বর কর্ণফুলী থানা মামলাটি নেয়।