চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি সরওয়ার কামাল ওরফে লিটন গতকাল রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন। দুজনের নাম করে তিনি বলেন, তাঁরাসহ আরও কয়েকজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। এদিকে দুই দিন বন্ধ থাকার পর গতকাল বিশ্ববিদ্যালয় খুললেও অবস্থার কোন উন্নতি হয়নি। ক্লাস-পরীক্ষা হয়নি। শাটল ট্রেন চলাচল বন্ধ করতে আন্দোলনকারীরা গতকাল ভোররাতে রেললাইনের একটি অংশ উপড়ে ফেলার চেষ্টা করে। আদালত সূত্র জানায়, জবানবন্দিতে সরওয়ার ছাত্র আসাদের হত্যাকারী হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ফতেহপুর গ্রামের দুজনের নাম উল্লেখ করেন। তাঁরা হলেন, আলাউদ্দিন ও রফিক। তাঁদের সঙ্গে আরও কয়েকজন সন্ত্রাসী জড়িত থাকতে পারে। তবে তাঁদের নাম বলতে পারেননি তিনি।সরওয়ার বলেন, ‘পয়লা বৈশাখ আমার স্ত্রী ও আমাকে লাঞ্ছিত করে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র। এ ঘটনায় জড়িতদের আমি খুঁজছিলাম। তাই আমি ঘটনার পরদিন ফতেয়াবাদে রিয়েল নামের এক ছাত্রকে গাড়ি থেকে নামিয়ে পয়লা বৈশাখের ঘটনার সঙ্গে সে জড়িত কি না, জিজ্ঞেস করি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে (২ বৈশাখ) ফতেয়াবাদে অবস্থান করার সময় সামাদ নামের এক যুবকের ফোন পাই। তিনি আমাকে জানান, আলাউদ্দিন ও রফিক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে ও দুজনকে রেললাইনের ওপর বেঁধে রেখেছে। আমি দ্রুত রেললাইনে গিয়ে ওই দুই ছাত্রের হাত-পায়ের বাঁধন খুলে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে তুলে দিই। পরদিন সন্ধ্যায় আসাদের মৃত্যুর খবর পেয়ে আমি স্ত্রীকে নিয়ে শহরে খালার বাসায় চলে যাই।’অচলাবস্থা অব্যাহত: বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটেনি। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল সকালে ষোলশহর রেলস্টেশনে বিক্ষোভ-সমাবেশ হয়। সমাবেশে বক্তারা উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আনিসুজ্জমান, কামরুল হুদা, বদরুল আহমেদ ও এমরান হোসেন বক্তব্য দেন।