জবানবন্দিতে সাক্ষী রুস্তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী রুস্তম আলী (৬৫)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে সুবহান পিস্তল দিয়ে তাঁকে দুটি গুলি করে। এর একটি তাঁর বুকে ও একটি বাঁ হাতে লাগে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রুস্তম আলীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজিয়া সুলতানা। এ সময় আসামির কাঠগড়ায় সুবহান হাজির ছিলেন। রুস্তমের জবানবন্দির আগে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী আবু আসাদকে জেরা শেষ করে আসামিপক্ষ।
জবানবন্দিতে রুস্তম আলী বলেন, তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদীর পাকশী যুক্তিতলা গ্রামে। একাত্তরে তাঁর বয়স ছিল ২৪-২৫ বছর। তিনি পাকশী বাজারে জয়নউদ্দিনের দোকানে কাজ করতেন। একাত্তরের ১৩ এপ্রিল সকালে তিনি জয়নউদ্দিন ও তাঁর জামাতার সঙ্গে বকেয়া টাকা আদায়ে সারাঘাটে যান। ফেরার পথে বেলা ১১টা-সাড়ে ১১টার দিকে যুক্তিতলা গ্রামে আগুনের শিখা দেখেন এবং গুলির শব্দ শোনেন। তাঁরা প্রাণভয়ে গ্রামের মইজউদ্দিনের বাড়ির পেছনে বাঁশঝাড়ে লুকান। সুবহান তাঁদের দেখতে পান এবং পাকিস্তানি সেনা ও বিহারিদের দিয়ে তাঁদের ঘিরে ফেলে আটক করেন। তাঁদের গ্রামের জামে মসজিদের সামনে নেওয়া হয়। সেখানে তিনি একটি গাড়ির ওপর আটক অবস্থায় ইসরাইল, তাঁর মা ও চাচাকে দেখেন। পরে পাকিস্তানি সেনাদের গাড়িতে করে তাঁদের যুক্তিতলা স্কুলের সামনে নেওয়া হয়। ওই গাড়িতে সুবহানও আসেন।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, গাড়ি থেকে তাঁদের নামানোর পর তিনি দেখেন, পাকিস্তানি সেনা ও বিহারিরা আরও কয়েকজনকে সেখানে এনেছে। তাঁদের মধ্যে গ্রামের হারেস উদ্দিন ও ইসমাইলকে তিনি চিনতে পারেন। একপর্যায়ে তাঁদের সবাইকে স্কুলের সামনে লাইনে দাঁড় করানো হয়। হঠাৎ হারেস ও ইসমাইল দৌড়ে পালানোর চেষ্টা করলে সুবহান পিস্তল দিয়ে গুলি করেন। গুলিতে ইসমাইল ঘটনাস্থলে নিহত হন এবং গুলিবিদ্ধ হারেস একটি সাঁকোর কাছে পড়ে যান। সুবহানের নির্দেশে পাকিস্তানি সেনা ও বিহারিরা তাঁকে গুলি করে হত্যা করে।
জবানবন্দিতে রুস্তম বলেন, এরপর সুবহান তাঁদের আবার লাইনে দাঁড়াতে বলেন। একপর্যায়ে সুবহান তাঁর হাতে থাকা পিস্তল দিয়ে তাঁকে দুটি গুলি করেন। একটি গুলি তাঁর বাঁ হাতে, অন্যটি বুকে বিদ্ধ হয়। এতে বুকের তিনটি হাড় ভেঙে যায়। সুবহানের নির্দেশে সেনারা বেয়নেট দিয়ে তাঁর বাঁ চোয়ালে আঘাত করলে তিনি মাটিতে পড়ে জ্ঞান হারান। সাক্ষী কান্নাজড়িত কণ্ঠে ট্রাইব্যুনালে ক্ষতচিহ্ন দেখান।
সাক্ষী বলেন, বিকেলে তাঁর জ্ঞান ফেরে। গ্রামের কোরবান আলী ও তাঁর সঙ্গের লোকজন তাঁকে, ইসরাইল ও তাঁর মাকে গুলিবিদ্ধ অবস্থায় রূপপুরের চিকিৎসক তরিকুলের কাছে নিয়ে যান। কোরবান তাঁকে জানান, তাঁদের ছাড়া জয়নউদ্দিন, তাঁর জামাতাসহ ওখানে থাকা অন্য সবাইকে মেরে ফেলা হয়েছে। একটু সুস্থ হলে তিনি রূপপুরে জয়নউদ্দিনের ভাইয়ের বাড়িতে থাকতেন। ক্ষতস্থানে সংক্রমণ হলে জয়নউদ্দিনের ভাতিজা হালিম তাঁকে নিয়ে চিকিৎসার জন্য কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতের বরাতপুরে যান। তিন মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন।
জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী কাঠগড়ায় থাকা সুবহানকে শনাক্ত করেন। এ মামলার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।