জবানবন্দির পর কারাগারে তিন আইনজীবী
জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবী আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার চট্টগ্রামের বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেনের আদালতে তিন আইনজীবীকে হাজির করা হয়। জবানবন্দির পর জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর জানান, আসামিরা টাকা নেওয়া ও দেওয়ার কথা জবানবন্দিতে উল্লেখ করেছেন। এতে বোঝা যায় যে পরোক্ষভাবে তাঁরা জঙ্গিদের টাকা দিয়েছেন। মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় তদন্তের স্বার্থে জবানবন্দিতে আসা তথ্য গণমাধ্যমে প্রকাশ করা যাচ্ছে না। কোন ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে, তা জানতে চাইলে সরকারি কৌঁসুলি তিনটি ব্যাংকের নাম বললেও শাখার ঠিকানা জানাতে পারেননি।
তবে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, র্যাব ভয়ভীতি দেখানোর কারণে জবানবন্দি দিয়েছেন তিন আইনজীবী। যদিও আসামিদের ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছে র্যাব ও রাষ্ট্রপক্ষ।
গতকাল সকাল ১০টায় তিন আইনজীবীকে বহনকারী র্যাবের একটি মাইক্রোবাস বাঁশখালী আদালত প্রাঙ্গণে আসে। এ সময় আদালতের আশপাশে র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তা ছিল। সকাল ১০টা ৪৫ মিনিটে আইনজীবী হাসানুজ্জামানকে জবানবন্দি দেওয়ার জন্য বিচারকের খাসকামরায় নেওয়া হয়। খাসকামরার দরজার বাইরে ছিলেন র্যাব সদস্যরা। বেলা ১১টা ৪৫ মিনিটে জবানবন্দি শেষ হওয়ায় খাসকামরা থেকে আবার র্যাবের মাইক্রোবাসে নেওয়া হয় হাসানুজ্জামানকে। এরপর শাকিলা ফারজানাকে র্যাবের পাহারায় বিচারকের খাসকামরায় নিয়ে যাওয়া হয়। বেলা একটা পাঁচ মিনিটে জবানবন্দি শেষ হওয়ার পর আদালত প্রাঙ্গণে শাকিলার আইনজীবীরা তাঁর সঙ্গে কথা বলতে চান। এ সময় র্যাব ও পুলিশ আইনজীবীদের বাধা দেয় বলে অভিযোগ করা হয়। সব শেষে আইনজীবী মো. মাহফুজ চৌধুরী জবানবন্দি দেন।
আসামিপক্ষের আরেক আইনজীবী কফিল উদ্দিন বলেন, কোনো আসামি রিমান্ড শেষে আদালতে জবানবন্দি দিক বা না দিক, তাকে ফের পুলিশ হেফাজতে পাঠানো যাবে না। আসামিকে কারাগারেই পাঠাতে হবে। কিন্তু র্যাব বাঁশখালীর মামলায় জবানবন্দি শেষ না হতেই হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়ার আবেদন করে। এতে বোঝা যায়, র্যাবের শেখানো বুলি জবানবন্দিতে না বললে আরেকটি মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতন করা হবে।
দুই আইনজীবী অভিযোগ করেন, গ্রেপ্তার তিনজনের সঙ্গে আদালত প্রাঙ্গণে কথা বলতে দেয়নি র্যাব। আদালতের ভেতরে জামিন শুনানির সময় আসামিদের সঙ্গে কথা হয়েছে কি না, জানতে চাইলে আইনজীবী আবদুস সাত্তার বলেন, ‘আসামিরা মুখে কিছু বলেননি। তাঁদের চোখ দিয়ে শুধু পানি ঝরছে। এতে ধারণা করা যায়, আসামিরা ভয়ভীতির শিকার হয়েছেন।’
তবে বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর বলেন, আসামিদের কোনো ভয়ভীতি দেখানো হয়নি। নিরাপত্তার জন্যই আদালত প্রাঙ্গণে র্যাবের কড়া পাহারা ছিল।
আদালতে দেওয়া জবানবন্দিতে তিন আসামি কী বলেছেন জানতে চাইলে আইনজীবী আবদুস সাত্তার বলেন, ‘র্যাবের কারণে কথা বলার সুযোগ পাওয়া যায়নি। তবে জামিন শুনানির সময় এজলাসে কয়েক মিনিট কথা বলে জানতে পেরেছি, জবানবন্দিতে শাকিলা টাকা নেওয়া ও দেওয়ার কথা বলেছেন। হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের মামলা পরিচালনার জন্য উসমান আমিন নামের এক ব্যক্তি শাকিলাকে টাকা দিয়েছিলেন। পরে মামলা পরিচালনা না করায় টাকা ফেরত দিয়েছেন।’
আসামিদের জবানবন্দির বিষয়ে জানতে চাইলে আদালত প্রাঙ্গণে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক রুহুল আমিন বলেন, তদন্তাধীন বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন আইনজীবী জঙ্গি সংগঠনকে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন। আশা করি তাঁরা জবানবন্দিতেও একই বক্তব্য দিয়েছেন। তাঁদের কোনো ভয়ভীতি দেখানো হয়নি। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে বাঁশখালীর আদালত প্রাঙ্গণে র্যাবের পাহারা ছিল।
এদিকে বাঁশখালী থানার ওই মামলা ছাড়াও চট্টগ্রামের হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় তিন আইনজীবীকে গ্রেপ্তার দেখানো এবং পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে র্যাব। গতকাল বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ আবেদন করা হয়। আজ সোমবার বিষয়টির ওপর শুনানি হতে পারে বলে জানান চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং।
গত মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাসানুজ্জামান ও জজকোর্টের আইনজীবী মো. মাহফুজ চৌধুরীকে গ্রেপ্তার করে চট্টগ্রামের র্যাব-৭। তাদের বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
র্যাবের দাবি, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের জন্য সংগৃহীত ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে গ্রেপ্তার তিন আইনজীবী ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে আইনজীবী শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে মোট ৫২ লাখ টাকা, আইনজীবী মো. হাছানুজ্জামান ৩১ লাখ এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দিয়েছেন।