আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী সিটি করপোরেশনকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছি বলে মানুষের সেবা করতে সক্ষম হয়েছি। এ জন্য নগরবাসীর ওপর বাড়তি করের বোঝা তুলে দিইনি।’ নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন চৌধুরী গতকাল রোববার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। গত শনিবার বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলম অভিযোগ করেন, নগরবাসীকে সেবা দেওয়া, নালা-নর্দমা পরিষ্কার করার মতো কাজের উদ্যোগ না নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। নাগরিক কমিটির কার্যালয়ে এই ব্রিফিংকালে মহিউদ্দিন তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানান। তিনি বলেন, এতে নগরবাসীকে সেবা দেওয়া আরও সহজ হবে। পাশাপাশি তাঁর কাছে জনগণের কী প্রত্যাশা তাও গণমাধ্যমে প্রকাশের অনুরোধ করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইসহাক মিয়া, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বদিউল আলম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, নাগরিক কমিটির সদস্যসচিব এমদাদুল ইসলাম প্রমুখ। সংবাদ ব্রিফিংয়ের আগে মহিউদ্দিনের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করেন মেয়র পদপ্রার্থী ইসলামিক ফ্রন্টের সোলাইমান ফরিদ। গণসংযোগ: মহিউদ্দিন চৌধুরী সকালে মোহরা কামালবাজার, পাহাড়তলীর ওয়্যারলেস কলোনি স্কুল, কাঠগড়, বহদ্দারহাট, বারইপাড়া, পূর্ব ষোলশহর, দক্ষিণ হালিশহর, উত্তর পাহাড়তলী ও দক্ষিণ কাট্টলী এলাকায় গণসংযোগ করেন। এ সময় জনগণের সাড়া পেয়ে সন্তোষ জানান তিনি। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের দায়িত্ব পালন করতে গিয়ে নগরবাসীর আস্থা ও বিশ্বাস যে অর্জন করেছি, তা আজ জনগণের স্বতঃস্ফূর্ততা দেখেই বোঝা যায়। এই স্বতঃস্ফূর্ততা আমি যেন ভবিষ্যতে কাজে লাগাতে পারি, সে জন্য আগামী ১৭ জুনের নির্বাচনে রায় দিয়ে আবারও আমাকে সহযোগিতা করতে হবে।’ নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সে জন্য তিনি এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান। গতকাল পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিক লীগের আয়োজনে ড্রাইডক সিবিএ কার্যালয়ে এক সভা হয়। সভায় ১৭ জুন মহিউদ্দিন চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা। রাতে মিয়াখান নগরে সিটি করপোরেশনের ঠিকাদার আবু জাফরের বাসায় মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে সভা হয়। সেখানে রাতে কয়েক শ লোকের খাবারের আয়োজন করা হয়।