জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার আসামিপক্ষের যুক্তির জবাব দেওয়া শুরু করেছে রাষ্ট্রপক্ষ।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গত সোমবার আসামিপক্ষের আইনি বিষয়ে যুক্তি দেওয়া শেষ হয়। তবে অভিযোগের বিষয়ে যুক্তি শেষ হয়নি। গতকাল এই যুক্তি উপস্থাপনের ধার্য দিনে আসামিপক্ষের কোনো আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। এ জন্য কার্যক্রমের শুরুতে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় তাঁদের যুক্তি উপস্থাপন বন্ধ করা হলো। এখন রাষ্ট্রপক্ষ জবাব দেবে। তবে আসামিপক্ষ পরে আবার যুক্তি উপস্থাপনের আরজি জানালে তা বিবেচনা করা হতে পারে।এই আদেশের আগে ট্রাইব্যুনালকে দিনের কার্যক্রম মুলতবির অনুরোধ জানান আসামির কাঠগড়ায় হাজির থাকা সাঈদী। তিনি বলেন, হরতালের জন্য নিরাপত্তার অভাবে তাঁর আইনজীবীরা ট্রাইব্যুনালে আসতে পারেননি। ট্রাইব্যুনাল বলেন, নিরাপত্তা না থাকলেও অনেক সাংবাদিক এসেছেন। পরে ট্রাইব্যুনাল আদেশ দেন।এরপর আসামিপক্ষের আইনি যুক্তির জবাব দেওয়া শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। তিনি বলেন, সাঈদীর বিরুদ্ধে মামলাটি অসৎ উদ্দেশ্যে করা হয়নি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে এই মামলা করা হয়েছে।