যাঁদের কারণে এক-এগারো রচিত হয়েছিল, যাঁদের চোখের ইশারায় বিচারপতিরা রায় দিয়েছেন, তাঁদের জবাবদিহির আওতায় আনা হবে। গণতন্ত্র সমুন্নত করতে আইনের শাসনের ভিত নড়িয়ে দেওয়ার ব্যাখ্যা চাওয়া হবে। সে সময় আদালতে গোয়েন্দা সংস্থার সরাসরি হস্তক্ষেপের প্রমাণ সরকারের কাছে আছে।গতকাল শনিবার মহীউদ্দীন খান আলমগীরের লেখা বই নোটস ফ্রম এ প্রিজন বাংলাদেশ-এর মোড়ক উন্মোচনকালে আইনমন্ত্রী শফিক আহমেদ এসব কথা বলেন।বিলিয়া মিলনায়তনে বাংলাদেশ চর্চা আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেন, সংবিধান বারবার পরিবর্তন করে বেসামরিক ও সামরিক ব্যক্তিরা জরুরি অবস্থা জারি করেছেন। ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে সংবিধান সংশোধন এবং তা প্রতিষ্ঠা করার দায়িত্ব সবার। আইনমন্ত্রী বলেন, মহীউদ্দীন খান আলমগীরের প্রকাশিত বইটি রাজনৈতিক রোষানলের শিকার সব জেলবন্দী মানুষের কথা।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর তাঁর বইয়ের বিষয়বস্তু তুলে ধরে বলেন, এই বইয়ে গণতন্ত্র রক্ষায় করণীয়, বিচার বিভাগকে কোনোভাবে প্রভাবিত না করার প্রচেষ্টা আর বিগত জরুরি অবস্থায় দেশের পরিস্থিতি নিয়ে লেখার চেষ্টা করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি লেখকের ভাই বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর স্বৈরশাসক, জরুরি অবস্থার ঘোষকদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘দেশ আমাদের সবার। এক লাখ সেনার নয়। তারা আমাদের দেওয়া করের টাকায় পরিচালিত হয়ে আমাদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করেছে।’অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আইনজীবী রফিকুল হক, ফরেস্ট কুকশান, নিউএজ সম্পাদক নূরুল কবীর, সালমান এফ রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি পাবলিশারস লিমিটেড (ইউপিএল)।