দুর্নীতি রোধে সামাজিক সচেতনতার পাশাপাশি জবাবদিহি থাকা প্রয়োজন। জবাবদিহি থাকলে দুর্নীতি কমবে।আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে গতকাল রোববার সিলেটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত নাগরিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত সেমিনারে বক্তারা এই মতামত ব্যক্ত করেন। ‘দুর্জয় তারুণ্যে, বিজয়ের চেতনায় দুর্নীতি রুখবই’—এ স্লোগানে বিকেলে নগরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক ফখরুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। স্বাগত বক্তব্য দেন মানবাধিকার সংগঠন ব্লাস্টের সিলেট সমন্বয়কারী ইরফানুজ্জামান চৌধুরী। সনাক সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল খালিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলা সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, জেলা জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মো. সিকান্দর আলী, বাংলাদেশ মহিলা পরিষদ সিলেটের সভানেত্রী খুশি চৌধুরী। সেমিনারে উপস্থাপিত দুর্নীতিবিরোধী দিবসের ধারণাপত্রে বলা হয়, টিআইবি ২০০৪ সাল থেকে অব্যাহতভাবে প্রচার চালিয়ে জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে বাংলাদেশকে অনুস্বাক্ষর প্রদানে উদ্বুদ্ধ করে। ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে স্বাক্ষরকারী একটি সদস্য রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। এর আলোকেই বাংলাদেশ কার্যকর দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠানসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালিত করছে। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত হয়ে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন কার্যত এখনো সম্ভব হয়নি। এ জন্য দুর্নীতিবিরোধী সচেতনতা সমাজের সর্বক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেওয়া বক্তারা সবার আগে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবদিহি থাকলে দুর্নীতির প্রবণতা হ্রাস পাবে বলে তাঁরা মতামত ব্যক্ত করেন।