জবাবদিহি নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণের কাঙ্ক্ষিত সেবা এবং হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করতে হবে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আর্থিক কর্মকাণ্ডে সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব প্রতিটি প্রতিষ্ঠান তথা দেশের জন্য হুমকি। এ ক্ষেত্রে হিসাব ও নিরীক্ষার মানোন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার আর্থিক স্বচ্ছতা ও অর্থের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যকে মূল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, সার্কভুক্ত দেশের সদস্যরা তাদের জনগণকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করতে যুদ্ধ করে যাচ্ছে। জনগণকে দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকাও গুরুত্বপূর্ণ। করপোরেট সেক্টর সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) মাধ্যমে সামাজিক উন্নয়নেও অবদান রাখবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ডের (আইএএসবি) হ্যানস হোগেরভোর্সট, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (আইএফএসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম নায়ীম, সাফা প্রেসিডেন্ট আদীব হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।