সরকারি প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে বগুড়ায় জবাবদিহির অভাব রয়েছে। তদারকির ব্যবস্থা না থাকায় সরকারি স্বাস্থ্যসেবায় চিকিৎসা না পেয়ে ক্লিনিকে ভর্তি হচ্ছে রোগীরা। বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির হার বাড়লেও শিক্ষার গুণগত মান বাড়েনি।গতকাল শুক্রবার বগুড়ায় সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) উদ্যোগে ও পেভের ব্যবস্থাপনায় সরকারি প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিস্থিতির ওপর সামাজিক নিরীক্ষা প্রতিবেদন-২০১২ উপস্থাপনকালে এসব তথ্য তুলে ধরা হয়। বগুড়া পৌরসভার সভাকক্ষে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি আল মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক মকবুল হোসেন। সুপ্রর সাধারণ সম্পাদক কে জী এম ফারুকের সঞ্চালনায় সভায় সামাজিক নিরীক্ষা উপস্থাপন করেন পেভের সাকিনা আক্তার। সভায় জানানো হয়, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহিষাবান (আগুনেতাইর) ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের ওপর সমীক্ষা চালানো হয়।বগুড়া সদর উপজেলার ভবানীগঞ্জ, গাবতলীর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামীরবাড়িয়া ও ধোঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষায় দেখা যায়, মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য বিভিন্ন প্রকল্প, উদ্যোগ গ্রহণ করা হলেও আশানুরূপভাবে গুণগত মান বৃদ্ধি পায়নি। স্কুলে শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতি আগের চেয়ে বাড়লেও শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায়নি। সমীক্ষায় দেখা গেছে, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া জেলায় ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তিনটি বিশেষ হাসপাতলে ২৯৬টি পদের মধ্যে ১৯৪টি পদ শূন্য রয়েছে।