বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির তথ্য যথাসময়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সরকারকে অবহিত না করার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এই ‘বিব্রতকর অস্বচ্ছতার’ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির মুখোমুখি করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
টিআইবি গতকাল সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানায়। এতে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রিজার্ভের অর্থ চুরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অর্থ মন্ত্রণালয় ও ব্যাংকের পরিচালনা পর্ষদকে অবহিত না করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংবাদমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, অর্থ চুরি হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নিরীক্ষা কমিটির সভা হয়েছে। দুই সভাতেই চুরির বিষয়টি না জানানো দুরভিসন্ধিমূলক কি না, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে। তবে ঘটনার সঙ্গে দেশের প্রত্যেক মানুষের স্বার্থ জড়িত থাকার পরও ব্যাংকের পরিচালনা পর্ষদ বা মন্ত্রণালয়কে অন্ধকারে রাখা কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি। এটি উদ্বেগজনক নজির হয়েই থাকবে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, কোন যুক্তিতে পরিচালনা পর্ষদ ও মন্ত্রণালয়ের কাছে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হলো, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন অনুযায়ী জবাবদিহির মুখোমুখি করতে হবে। টিআইবি বলেছে, অর্থ পাচারের বোঝা জনগণের, দায় বাংলাদেশ ব্যাংকের।