জবাবদিহির ঘোষণা দিলেন সাংসদ
জাতীয় সংসদের স্বতন্ত্র সাংসদ জোটের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ রুস্তম আলী ফরাজী তাঁর কাজের জবাবদিহি করার জন্য চার মাস পর পর জনতার মুখোমুখি হবেন। গত বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলার শহীদ মোস্তফা খেলার মাঠে নাগরিক সমাজের পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনায় তিনি এ ঘোষণা দেন।
রুস্তম আলী ফরাজী বলেন, ‘চার মাস পর পর আমার সব কাজের জবাবদিহি করতে জনতার মুখোমুখি হব। সেখানে আমি জনতার কাঠগড়ায় দাঁড়াব। আপনাদের প্রশ্নের সরাসরি জবাব দেব। আমি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বসেছি। তাঁদের বলেছি, মঠবাড়িয়ায় কোনো দুর্নীতি চলবে না। আমার আত্মীয়স্বজন ও কর্মীরা যদি অন্যায় করে, থানার পুলিশকে বলব তাদের গ্রেপ্তার করতে।’
সাংসদের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইকতিয়ার হোসেন বলেন, ‘আমাদের দেশের সাংসদেরা আইন প্রণয়নের পাশাপাশি এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত রয়েছেন। সাংসদ রুস্তম আলী ফরাজীর সিদ্ধান্তটি বাস্তবায়ন করা গেলে তাঁর কাজের প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। গণতন্ত্র শক্তিশালী ও সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হবে।’
উন্নয়নকর্মী ইসরাত জাহান বলেন, ‘প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের দুর্নীতি বন্ধ হলে এবং সাংসদের কাজের জবাবদিহি নিশ্চিত করা হলে সাধারণ মানুষ এর সুফল পাবেন।’
পেশাদার মোটরসাইকেলচালক দুলাল মিয়া বলেন, ‘উপজেলায় ভাড়ায়চালিত দুই সহস্রাধিক মোটরসাইকেলচালককে চাঁদা দিতে হতো। তিনি (রুস্তম আলী ফরাজী) এমপি হওয়ার পর আমাদের চাঁদা দিতে হচ্ছে না।’
সাংবাদিক হারুন অর রশিদ বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে জনগণ দুর্নীতির জবাব ভোটের মাধ্যমে দিয়েছে। বর্তমান সাংসদ দুর্নীতি বন্ধ, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন। আমরা আর কোনো প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, এবার কাজের মাধ্যমে দেখতে চাই।’