জবাবের জন্য সময় চাইল সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের ফুটপাতগুলোর ম্যানহোলের ঢাকনা খোলা বা নষ্ট হয়ে যাওয়ার পরও কেন তা মেরামত বা নতুন করে বসানো সম্ভব হয়নি, তা জানতে চেয়ে আদালতের জারি করা কারণ দর্শানোর নোটিশের জবাবের জন্য সময় চেয়েছে রাজশাহী সিটি করপোরেশন। অপরদিকে রাজশাহী ওয়াসার প্রতিনিধিকে পরবর্তী নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। জবাব দেওয়ার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১০ এপ্রিল।
৮ মার্চ রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম স্বতঃপ্রণোদিত হয়ে কারণ দর্শানোর ওই নোটিশ দেন। এতে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গতকাল সোমবার (২০ মার্চ) আদালতে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সিটি করপোরেশনের পক্ষ থেকে আইনজীবী আছির উদ্দিন জবাব দেওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ঢাকায় রয়েছেন। তিনি আসার পর জবাব দেবেন।
আদালত জবাবের জন্য ১০ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন। এদিকে রাজশাহী ওয়াসার পক্ষে সহকারী প্রকৌশলী সোহেল রানা আদালতে উপস্থিত হয়ে তাঁর জবাবে বলেন, পানি সরবরাহ ছাড়া বাকি সব কাজ সিটি করপোরেশন করে থাকে। এ কাজের দায়িত্ব ওয়াসার নয়। এর পরিপ্রেক্ষিতে আদালত ১০ এপ্রিল তাঁর বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপনের নির্দেশ দেন।
সহকারী প্রকৌশলী সোহেল রানা প্রথম আলোকে বলেন, ওয়াসা হওয়ার আগে সিটি করপোরেশনই পানি সরবরাহের কাজ করত। এখন দায়িত্ব পৃথক হয়ে গেছে। ওয়াসা আলাদা হওয়ার তারিখ ও এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ধার্য দিনে তাঁরা উপস্থাপন করবেন।